বগুড়া, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন এক জাপানি নারী। শহরের কানুছগাড়ি মোড়ে মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা হিরোমি কিয়ারো (২৭) নামের ওই পর্যটককে ছুরিকাহত করে এবং তার পাসপোর্ট, ক্রেডিট কার্ড, বিমানের ফিরতি টিকিট ও ট্রাভেল ব্যাগ নিয়ে যায়।
তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হিরোমির বাড়ি জাপানের টোকিও নগরীতে।
এ সময় তাকে সহায়তাকারী গেটকো টেলিকমিউনিকেশনের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামানের মালামালও ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এরা হলেন- কানুছগাড়ি এলাকার তুনতুন (২৫), সৈকত (২৭), টিটু (২৫), হানিফ (২৩), রাজ (২৫) ও রূপু (২৬)।
আসাদুজ্জামান বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
আসাদুজ্জামান বলেন, হিরোমি বাংলাদেশে এসেছেন গত শনিবার (২ জানুয়ারি)। এসে প্রথমে যান বাগেরহাট। এরপর যাচ্ছিলেন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে।
তিনি বলেন, সোমবার সন্ধ্যায় খুলনা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তিনি রওনা হন। একই গাড়িতে সহযাত্রী ছিলেন তিনি (আসাদুজ্জামান)।
ভোর ৪টার দিকে বগুড়ার সাতমাথায় নেমে কলোনি এলাকায় নর্থওয়ে মোটেলের দিকে যাওয়ার সময় কানুছগাড়ি মোড়ে ৪/৫ জন ছিনতাইকারী তাদের থামায়।
এ সময় হিরোমির গলায় থাকা ট্রাভেল ব্যাগ না দিতে চাইলে তারা তার হাতে ছুরিকাঘাত করে।
তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি একেএম খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ছয়জন এলাকার চিিহ্নত ছিনতাইকারী। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালামাল উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24