হবিগঞ্জ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু করেছেন।
জেলার চুনারুঘাট উপজেলার দারাগাও ও কামাইছড়া এবং বাহুবলের হাতিমারা ও বালুছড়া চা বাগানে এ ধর্মঘট চলছে।
দাবি পূরণে শ্রমিক-কর্মচারীরা সোমবার পর্যন্ত বাগার কর্তৃপক্ষকে সময় বেধে দিয়েছিলেন।
মঙ্গলবার দারাগাও চা বাগানে শ্রমিকরা সমাবেশ করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বালিশিরা ভ্যালির শ্রমিক কমিটির সাংগঠনিক সম্পাদক হরেন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- দারাগাও চা বাগান পঞ্চায়েতের সভাপতি নারায়ণ তন্তুবাঈ, হাতিমারা চা বাগান পঞ্চায়েতের সভাপতি দিলীপ গোস্বামী, কামাইছড়া পঞ্চায়েত সভাপতি বিমল ভর প্রমুখ।
সমাবেশ শেষে শ্রমিকরা পাঁচ দফা দাবি জানিয়ে বাগান কর্তৃপক্ষকে স্মারকলিপি দেন।
শ্রমিক-কর্মচারীদের দাবির মধ্যে আরো আছে- শিক্ষিত বেকাদের কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক সুবিধা প্রদান ও উপযোগী বাসস্থানে ব্যবস্থা করা।
চা শ্রমিক নেতা অনাদি ভৌমিক জানান, দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।
শ্রমিক নেতারা জানান, এর আগে শনিবার চারটি বাগানের শ্রমিক-কর্মচারীরা দারাগাও চা বাগানের উপ-মহা ব্যবস্থাপকের কার্যালয ঘেরাও করে পাঁচ দফা দাবি জানান। তারা দাবি পূরণে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
এ ব্যাপারে দারাগাও চা বাগানের উপ-মহা ব্যবস্থাপক ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, শ্রমিকদের দাবিগুলো অযৌক্তিক। এসব দাবি মেনে নেওয়া যায় না।
তিনি আরো বলেন, যদি কখনো সুযোগ আসে বিধি মোতাবেক শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
ফারুক আহমেদ দাবি করেন, ধর্মঘটের ফলে প্রতিদিন ১০ থেকে ১২ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হবে বাগানগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৫ ঘ.
bdnews24