২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গার পলিথিন অপসারণ শুরু বুধবার

বুড়িগঙ্গা নদী থেকে পলিথিন অপসারণের কাজ শুরু হচ্ছে বুধবার। তিন মাস মেয়াদী একটি পাইলট প্রকল্পের আওতায় একাজে ব্যয় হবে পৌনে ছয় কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 02:34 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদী থেকে পলিথিন অপসারণের কাজ শুরু হচ্ছে বুধবার। তিন মাস মেয়াদী একটি পাইলট প্রকল্পের আওতায় একাজে ব্যয় হবে পৌনে ছয় কোটি টাকা। প্রাথমিকভাবে নদীর এক কিলোমিটার এলাকার চারটি অংশ থেকে তিন লাখ ঘনমিটার মাটি ও আবর্জনার সঙ্গে এ পলিথিন তোলা হবে। ইতোমধ্যে দরপত্রের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। এ পাইলট প্রকল্প সফল হলে পরবর্তীতে পলিথিন ও আবর্জনা অপসারণের উপযোগী যন্ত্র (গ্র্যাব এক্সক্যাভেটর) আমদানি করে আরো বড়ো আকারে এ কাজ চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করতে নদীর তলদেশ থেকে পলিথিনসহ আবর্জনা তোলার এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বুধবার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর পাশে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। সেতুর দুই দিকে ৫০০ মিটার করে মোট এক কিলোমিটার এলাকায় প্রাথমিকভাবে এ কাজ শুরু হবে। নিজস্ব অর্থায়নে বিআইডব্লিউটিএ এ কাজ করবে। তবে এজন্য পরিবেশ অধিদপ্তরের কাছে প্রায় সাড়ে ২৪ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে। ওই অর্থ পাওয়া গেলে পরবর্র্তীতে তা সংস্থাটির তহবিলে সমন্বয় করা হবে। তিনি জানান, প্রকল্পটি অনুমোদিত হলে পরবর্তীতে অর্থ পাওয়া সাপেক্ষে বুড়িগঙ্গার ১০ কিলোমিটার এলাকাকে এ কর্মসূচির আওতায় আনা হবে। পর্যায়ক্রমে ঢাকার চারপাশের সব নদ-নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হবে। মালেক মিয়া বলেন, শুধুমাত্র পলিথিনও আবর্জনা অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যেন আর এসব নদীতে ফেলা না হয় সেজন্য জনসচেতনতা সৃষ্টি করতে হবে। আর এজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, ডিসিসি ও ওয়াসার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ প্রসঙ্গে বিআইডব্লিউটিএ'র নদী খনন বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন জানান, দরপত্রের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। গত বৃহস্পতিবার দরপত্র খোলা এবং সর্বনিু দরদাতা বাছাই করা হয়। রোববারই তাদের কার্যাদেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম অংশের এক কোটি ৩৮ লাখ টাকার কাজটি পেয়েছে টেকনো এসবি জে.ভি। দ্বিতীয় অংশের এক কোটি ৬৮ লাখ টাকার কাজ পায় প্যাসিফিক মেরিন সার্ভিসেস। তৃতীয় অংশের এক কোটি ৩৮ লাখ টাকার কাজ পেয়েছে ফারজানা খান এইপি জে.ভি। চতুর্থ অংশের এক কোটি ৩৬ লাখ টাকার কাজ পেয়েছে মেসার্স আকতার হোসেন তালুকদার। প্রকৌশলী আব্দুল মতিন বলেন, বুড়িগঙ্গা থেকে পলিথিন ও আবর্জনা তুলে ট্রলারের মাধ্যমে তা সিটি করপোরেশনের আমিনবাজার ডাম্পিং স্টেশন এবং ছলমাছি এলাকায় ফেলা হবে। তবে পলিথিনগুলো আলাদা করে পরে তা ধ্বংস করে ফেলা হবে। প্রতিটি প্রতিষ্ঠান ২৫০ মিটার এলাকার ৭৫ হাজার ঘনমিটার মাটিতে জমে থাকা পলিথিন ও আবর্জনা তোলার কাজ করবে। সাধারণ পদ্ধতিতে (ম্যানুয়ালি) সাধারণ অপসারণ যন্ত্র ব্যবহার করে শ্রমিকদের দিয়ে তিন মাসে এ কাজ সম্পন্ন করা হবে। পরবর্তীতে আধুনিক এক্সক্যাভেটর যন্ত্র আমদানি করে ব্যাপক কার্যক্রম চালানো হবে। গত ১৫ অক্টোবর নদীরক্ষা টাস্কফোর্সের এক সভায় বুড়িগঙ্গা থেকে আবর্জনা ও পলিথিন তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া হাসপাতালের বর্জ্যসহ অন্যান্য বর্জ্য নদীতে না ফেলার ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। লঞ্চ, স্টিমার ও ফেরি থেকে নদীতে ময়লা না ফেলার জন্য এসব স্থানে ডাস্টবিন স্থাপন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৩১ ঘ.