২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ছাত্রদলের কর্মসূচিতে বাধা, আটক ৫

জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার বরিশাল ছাত্রদলের ঘোষিত কর্মসূচি ছাত্রলীগ ও পুলিশের বাধায় নির্ধারিত স্থানে হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 01:03 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

বরিশাল, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার বরিশাল ছাত্রদলের ঘোষিত কর্মসূচি ছাত্রলীগ ও পুলিশের বাধায় নির্ধারিত স্থানে হতে পারেনি। পরে ছাত্রদলের নেতাকর্মীরা স্থান পরিবর্তন করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে। পুলিশ বিশৃঙ্খলার অভিযোগে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। ছাত্রদল নেতারা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে বিএম কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। এরই অংশ হিসেবে নেতাকর্মীরা ব্যানার নিয়ে ক্যাম্পাসের জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ছাত্রদল মানববন্ধনের প্রস্তুতি নিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ব্যানার ছিনিয়ে নেয়। পরে তারা সরকারি বরিশাল কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করে। সেখানে ছাত্রদল নেতাকর্মীরা শিক্ষার্থী পরিচয়পত্রে অগ্নিসংযোগ করে প্রতীকী প্রতিবাদ জানায় এবং সমাবেশ করে। নগরীর ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সজীব বলেন, ছাত্রলীগ ও পুলিশের বাধার মুখে তারা বিএম কলেজ ক্যাম্পাসে কর্মসূচি পালন করতে পারেননি। ছাত্রলীগ বিএম কলেজ শাখার সদস্য জোবায়ের আলম সাংবাদিকদের বলেন, 'বহিরাগত ক্যাডাররা' ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা চালিয়েছিল। সে কারণে তারা হস্তক্ষেপ করেছেন। আটক পাঁচ ছাত্রদল নেতাকর্মী হলেন- সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি শামীম রেজা, ছাত্রদল কর্মী সুমন খান, রিপন, সোহেল ও রাজু। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, বিশৃঙ্খলার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৬ ঘ.