ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বছরে মহাজোট সরকার সব ক্ষেত্রেই সফল হয়েছে বলে মনে করছেন সরকার প্রধান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, "আমরা সব ক্ষেত্রেই সফল। আমাদের ব্যর্থতা শুধু এক ক্ষেত্রে, তা হলো, আমরা লুটপাট ও মানুষ হত্যা করতে পারিনি। আমরা দুর্নীতি করতে আর প্রতিষ্ঠান ধ্বংস করতে পারিনি।"
পার্বত্য তিন জেলায় সরকারি মালিকানাধীন মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের নেটওয়ার্ক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ।
প্রধানমন্ত্রী তার কার্যালয় থেকে টেলিফোনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে বান্দরবানের লামায় টেলিটকের মোবাইল ফোনে কথা বলেন।
আবুল কালাম আজাদ বলেন, "শেখ হাসিনা এসময় পার্বত্য জেলার জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, 'পার্বত্য জেলার জনগণ অনেকদিন ধরেই অবহেলিত ছিলো। তাদের কথা চিন্তা করেই আওয়ামী লীগ এর আগে ক্ষমতায় এসে পার্বত্য শান্তিচুক্তি করেছিলো। পার্বত্য জেলাগুলোর উন্নয়নের জন্যই এই চুক্তি করা হয়'।"
প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য জেলাগুলোর উন্নয়নে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এখন সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যেই পার্বত্য অঞ্চলের ল্যান্ডফোনগুলোকে ডিজিটাল করা হবে।
আগের বার আওয়ামী লীগ ক্ষমতায় এসে মোবাইল ফোন সবার জন্য সহজলভ্য করে দিয়েছিলো বলেও প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন।
হাসিনা বলেন, টেলিটক বাজারে আসার ফলে এখন সব মোবাইল ফোন অপারেটরদের মধ্যে একটা সামঞ্জস্য এসেছে।
এরআগে, প্রধানমন্ত্রী প্রথম থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের বইয়ের ওয়েবসাইট উদ্বোধন করেন।
শেখ হাসিনা ওয়েবসাইট উদ্বোধন করে বলেন, "আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যে ঘোষণা দেওয়া হয়েছিলো, এই ওয়েব সাইট উদ্বোধনের মাধ্যমে আরো একটি প্রতিশ্র"তি বাস্তবায়ন করা হলো।"
ছাত্রলীগের ৬২ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে উপলক্ষ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, তিনিও ছাত্রলীগের সাবেক কর্মী। ছাত্রলীগের মূলমন্ত্র হলো, শিক্ষা, শান্ত্রি ও প্রগতী। এর প্রথম ধাপ শিক্ষা সরকার নিশ্চিত করেছে।
এসময়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/১৪৫০ ঘ.
bdnews24