ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষোভ মিছিল, সমাবেশ, কুশপুত্তলিকা দাহ এসব কর্মসূচির মাধ্যমে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদ বঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতৃবৃন্দ।
রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি পালিত হয়। এছাড়া সন্ধ্যায় বিক্ষোভকারীরা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিবের সঙ্গে দেখা করে চলমান সমস্যার সমাধান দাবি করেন।
দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এ সব কর্মসূচিতে যোগ দেন।
কমিটি নিয়ে বিক্ষোভের দ্বিতীয় দিনে এর বিরোধিতাকারীরা সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। বেলা দেড়টার দিকে তারা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর কুশপুত্তলিকা নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ডাকসুর সামনে এসে শেষ হয়। এ সময় কুশপুত্তলিকা দুুটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আসলে বিক্ষুব্ধ নেতৃবৃন্দ তার সঙ্গে দেখা করেন।
এ সময় তারা টুকুর বিরুদ্ধে কমিটি জালিয়াতির অভিযোগ আনেন। জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহার আশ্বাস দেন।
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের একটি সেমিনারে অংশ নিতে তিনি ক্যাম্পাসে আসেন।
গত শুক্রবার সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ১৭১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
এর পরদিন (শনিবার) সকালে ডাকসু ভবনের সামনে হামলায় নতুন কমিটির তিন নেতা আহত হন।
এ সময় ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর কুশপুত্তলিকা দাহ করে নতুন কমিটির নেতাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
টুকুর অনুসারী কোনো নেতা রোববার ক্যাম্পাসে আসেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24