ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন প্রত্যাহার হয়েছে। খারিজ হয়েছে রায় স্থগিতের আদেশও।
সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৮ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রোববার সরকারের আপিল আবেদন প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে।
আদালত হাইকোর্টের রায় স্থগিতের আদেশও খারিজ করে দিয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছেন।
রিটকারীর কৌঁসুলি আজমালুল হোসেন কিউসি সাংবাদিকদের বলেন, "রায় স্থগিতের আদেশ খারিজ হওয়ায় হাইকোর্টের রায় বহাল থাকলো। মুন সিনেমা হলের মালিকানা রিটকারী ইতালিয়ান মার্বেল ওয়ার্কস কোম্পানি ফেরত পেলো।"
সরকারের পাশাপাশি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আবেদনও প্রত্যাহার করা হয়েছে। তারাও আপিল আবেদন প্রত্যাহারের আবেদন করেছিলো।
তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর সমর্থক তিন আইনজীবীর করা দুটি আপিল আবেদনের (লিভ টু আপিল) শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে।
তাদের কৌঁসুলি টি এইচ খান সাংবাদিকদের বলেন, "আদালত বলেছে, সরকারের আবেদন না থাকলেও আমাদের আবেদনের শুনানি হবে ১৮ জানুয়ারি।"
শুনানির শুরুতে আজমালুল হোসেন হাইকোর্টের রায় স্থগিতের আপিল বিভাগের আদেশ খারিজের আবেদন জানান।
এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, "সরকারের নির্দেশনা অনুযায়ী পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদন প্রত্যাহার করার আবেদন জানাচ্ছি। এ আবেদন প্রত্যাহার করলে সাংবিধানিক কোনো সঙ্কট হবে না।"
মাহবুবে আলম বলেন, "আমার আবেদন আমি প্রত্যাহার করলে আদালতে কীভাবে আমাকে তা চালাতে বাধ্য করতে পারে?"
আদালত বলে, কোনো পক্ষকে মামলা চালাতে আদালত বাধ্য করতে পারে না। কিন্তু সরকার লিভ টু আপিল আবেদন প্রত্যাহার করলেও বিষয়টি বিচারাধীন থাকবে।
এরপর আদালত বলে, লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করা হলো। মূল বিষয় চলে গেলে হাইকোর্টের রায় স্থগিতের আদেশও চলে যাবে।
এ পর্যায়ে বিএনপির মহাসচিবের কৌঁসুলি টি এইচ খান বলেন, "এ আপিল শুনানির জন্য সাত জনের বেঞ্চ হয়েছে। কিন্তু এখন দেখছি পাঁচজন।"
আদলত বলে, দুইজন বিচারপতি চিকিৎসার জন্য ছুটিতে যাবেন।
টি এইচ খান বলেন, "এই বেঞ্চে দুইজন বিচারপতি নতুন। এর আগে গত ৩ ও ৪ মে শুনানির সময় প্রধান বিচারপতিসহ তিনজন ছিলেন। এই মামলার গুরুত্ব বিবেচনা করে ওই সময় আদালত আপিল প্রত্যাহারের আবেদনে কোনো আদেশ দেয়নি। এ কারণে এখনো সরকারের আবেদন প্রত্যাহার করতে দেওয়া যাবে না।"
আদালত বলে, মামলা দায়েরকারী তা চালাতে না চাইলে কীভাবে তাকে দিয়ে মামলা চালাবেন?
জবাবে টি এইচ খান বলেন, "শতকরা ৯৯ ভাগ মামলার ক্ষেত্রে না চালাতে চাইলে প্রত্যাহার করা হয়। শতকরা এক ভাগের ক্ষেত্রে আলাদা, প্রত্যাহার অত সোজা নয়।"
আদালত বলে, আপনার লিভ টু আপিল আবেদন তো বিচারাধীন থাকছে। আপনার সমস্যা কী?
টি এইচ খান বলেন, "তখন বলা হবে সরকারের মূল আপিলই নেই। মাথা চলে যাবে শুধু লেজ থাকবে।"
তিনি বলেন, "২৭ ডিসেম্বর ছুটির দিন ছিলো। আমাদেরকে নোটিশ না দিয়ে চেম্বার বিচারপতির ওপর চাপ প্রয়োগ করে শুনানির দিন ধার্য করা হয়েছে।"
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের ওপর কেনো চাপ প্রয়োগ করা হয়নি।
টি এইচ খান এ পর্যায়ে টেবিল চাপড়ালে আদালত তাকে উদ্দেশ করে বলে, আদালতে টেবিল চাপড়ানো ঠিক নয়।
আদালত আজমালুল হোসেন কিউসির কাছে জানতে চায় তিনি বিষয়টি শুনানির জন্য তালিকায় আনার আগে নোটিশ দিয়েছিলেন কিনা?
জবাবে আজমালুল বলেন, সরকার ও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নোটিশ দেওয়া হয়েছে। খন্দকার দেলোয়ার ও তিন আইনজীবীর লিভ টু আপিল আবেদনে আমরা আজই পক্ষভুক্ত হয়েছি। এজন্য তাদেরকে নোটিশ দেওয়ার প্রয়োজন ছিলো না।
টিএইচ খান তখন শুনানি ছয় সপ্তাহ মুলতবির আবেদন জানান। অপরদিকে তিন আইনজীবীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমেদ আট সপ্তাহ সময় চান।
আদালত সব পক্ষের শুনানি গ্রহণ করে আগামী ১৮ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবিরের তৎকালীন হাইকোর্ট বেঞ্চ পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। সেদিনই রায় স্থগিতের আবেদন জানায় তৎকালীন বিএনপি সরকার।
হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। আদালত অবশ্য ওই সময়ে জনস্বার্থে করা সরকারের বেশকিছু বেআইনি কাজকে মওকুফ করে দিয়েছিলো।
হাইকোর্ট রায়ে বলেছিল, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সব কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলে হাইকোর্টের ওই আলোচিত রায়ের অভিমতে বলা হয়।
রায়ের বিরুদ্ধে তৎকালীন সরকার আপিল আবেদন করলেও বর্তমান সরকার ওই আবেদন প্রত্যাহারের আবেদন করে।
এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, বর্তমান সরকার মনে করে পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় সঠিক রায়। এ রায়ে গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগ প্রতিফলিত হয়েছে। এ কারণে গত সরকার যে আপিল করেছিলো তা চালানোর প্রয়োজন নেই।
সরকার ওই আবেদন করলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামী সমর্থক আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও কামরুজ্জামান ভুঁইয়া পৃথক দুটি আপিল আবেদন করার অনুমতি চান। গত ৪ মে আদালত তাদের অনুমতি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.
bdnews24