২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

জয়পুরহাট শহরের রেলক্রসিংয়ের কাছে শনিবার দুপুরে একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 11:44 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

জয়পুরহাট, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয়পুরহাট শহরের রেলক্রসিংয়ের কাছে শনিবার দুপুরে একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। খুলনা থেকে দিনাজপুরের পার্বতীপুরগামী ট্রেনটির লাইনচ্যুত বগিগুলোর মধ্যে দুটির ট্যাঙ্কার নিচে পড়ে যায়। একটি থেকে তেল পড়ে যেতেও দেখা গেছে। বিকেল সোয়া পাঁচটার দিকে পার্বতীপুর ও খুলনা থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছেন জয়পুরহাট রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল জব্বার। তিনি জানান, দুর্ঘটনার কারণে বগুড়ার শান্তহার স্টেশনে পাবর্তীপুর থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ও রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়েছে। একই কারণে পার্বতীপুর থেকে ছাড়েনি খুলনাগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি। স্টেশন মাস্টার জব্বার জানান, ৩০টি ট্যাংকারে এক হাজার ৩৫০ মেট্রিক টন ডিজেল নিয়ে ট্রেনটি পার্বতীপুর যাচ্ছিল। দুপুর ২টা ২০ মিনিটে জয়পুরহাট স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই শহরের রেলক্রসিংয়ের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। দীর্ঘদিনের পুরনো ও দুর্বল স্লিপারের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৮ ঘ.