নাটোর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে শনিবার জেলা শহরে আধা ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে নাটোরবাসী।
সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেয়। তাদের মুখে স্লোগান ছিলো- 'গ্যাস চাই দিতে হবে। গ্যাস নিয়ে টালবাহানা আর না, আর না।'
নাটোর গ্যাস সরবরাহ আন্দোলন কমিটির ডাকা অবরোধের কারণে ওই সময় শহরের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে।
কর্মসূচি পালনের জন্য সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জড়ো হন। সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় তারা।
কর্মসূচি শেষে নাটোর-রাজশাহী সড়কের কানাইখালীতে সমাবেশে অংশগ্রহণকারীরা গ্যাস সরবরাহ না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন।
আন্দোলন কমিটির আহ্বায়ক কাজী আবুল হাশেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহ্বায়ক আজিজার রহমান খান, সিরাজুল ইসলাম ও খন্দকার জুবায়ের হোসেন।
সিরাজুল বলেন, "নাটোরের ওপর দিয়ে গ্যাস রাজশাহীতে যাবে তা হবে না। আমাদের গ্যাস সরবরাহ করা না হলে আমাদের মাটি দিয়ে গ্যাস রাজশাহীতে যেতে দেবো না।"
কাজী আবুল হাশেম বলেন, নাটোরে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত সরকার না নিলে হরতালসহ আরো বড় কর্মসূচি দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২০ ঘ.
bdnews24