২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের র‌্যালিতে ছাত্রলীগের হামলা

পটুয়াখালী শহরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শুক্রবার দুপুরে হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 12:26 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

পটুয়াখালী, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী শহরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে শুক্রবার দুপুরে হামলা চালিয়েছে ছাত্রলীগ কর্মীরা। শহরের ব্যামাগার মোড়ে এই হামলার সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় হয়। হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের দুই গ্র"প একই স্থানে একই সময় র‌্যালি ও সমাবেশ আহ্বায়ন করায় শহরের একাংশে সকালে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সকাল ৭ট থেকে রাত ১০টা পর্যন্ত পিডিএসএ মাঠ ও তার আশপাশের এলাকায় সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসা থেকে ছাত্রদলের একাংশের একটি র‌্যালি বের হয়ে শহরের ব্যামাগার মোড়ে পৌঁছালে ছাত্রলীগ কর্মীরা এতে হামলা চালায়। র‌্যালিতে আলতাফ হোসেন চৌধুরীও ছিলেন। হামলার পর তিনি এলাকার একটি ক্লিনিকে আশ্রয় নেন। পরে র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা আলতাফ হোসেন চৌধুরীকে ক্লিনিক থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেয়। হামলায় আহত ছাত্রদল কর্মী মো. গোলাম মোস্তফা খান পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ফোনে সাংবাদিকের জানান, সংগঠনের আরো সাতজনকে সেখানে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানাননি তিনি। আলতাফ হোসেন চৌধুরী তাৎক্ষণিক এক প্রেসব্রিফিংয়ে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, হামলা আর মামলা দিয়ে জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বন্ধ করা যাবে না। জেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার হামলার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির অভ্যন্তীরণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। পটুয়াখালী সদর থানার ওসি নরেশ চন্দ্র দাস বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, সংঘাত এড়াতে পিডিএস মাঠ এবং এর আশপাশের এলাকায় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি জানান, শহরের অন্য কোথাও যদি ছাত্রদলের একাধিক পক্ষ এক স্থানে কোনো কর্মসূচির ঘোষণা দেয় তাহলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী আশফাকুর রহমান বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা পিডিএস মাঠে সমাবেশ করার ঘোষণা আগে দেন। "কিন্তু সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক ছাত্রদলের অপর একটি গ্র"প একই স্থানে কর্মসূচি ঘোষণা করে", বলেন তিনি। ১৪৪ ধারা জারি করায় তারা সকাল ১১টায় পুরাতন আদালত ভবন মাঠে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে। অপরদিকে পটুয়াখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন জানান, আলতাফ চৌধুরীর নেতৃত্বে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কথা ছিলো। কিন্তু তা বানচাল করতেই অপর পক্ষ কর্মসূচি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২১ ঘ.