বরিশাল, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের দুই দল কর্মীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর পলাশপুর বৌ-বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি (ওয়ার্ড) কার্যালয়ে কেক কাটার ওই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগর ছাত্রদলের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখা রাত ১২টায় সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করে। অনুষ্ঠানে মহানগর ছাত্রদলের প্রচার সম্পাদক শহীদুল হাসান আনিচকে প্রধান অতিথি করা হলে সাইদুল ইসলাম পলু'র নেতৃত্বাধীন কর্মীরা প্রতিবাদ জানালে সংঘাত বেঁধে যায়।
বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, "দুই গ্র"পের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই পক্ষকে হটিয়ে দেয়।"
সংঘর্ষে উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানায়। এর মধ্যে রনি নামের এক জনকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।
শহীদুল হাসান সাংবাদিকদের বলেন, "ছাত্রদল নামধারী কতিপয় সন্ত্রাসী আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানে হামলা চালায়।"
অন্যদিকে সাইদুল ইসলাম বলেন, সংগঠনের এক অংশকে বাদ দিয়ে অনুষ্ঠান শুরু করা হলে তিনি প্রতিবাদ জানান। তখন তার ওপর হামলা চালানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩০ ঘ.
bdnews24