২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা নীতি নিয়ে মতামত দেওয়ার সময় বাড়লো ১৫ দিন

শিক্ষানীতির বিষয়ে জনগণের মতামত দেওয়ার সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৫ অক্টোবর পর্যন্ত এ বিষয়ে মতামত দেওয়া যাবে। মতামত দেওয়ার শেষ সময় ছিলো বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 11:56 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষানীতির বিষয়ে জনগণের মতামত দেওয়ার সময় আরো ১৫ দিন বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী ১৫ অক্টোবর পর্যন্ত এ বিষয়ে মতামত দেওয়া যাবে। মতামত দেওয়ার শেষ সময় ছিলো বুধবার। বুধবার শিক্ষা মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানিয়ে বলেন,"আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ (বুধবার) শিক্ষানীতির বিষয়ে মতামত দেয়ার শেষ সময় থাকলেও এ বিষয়ে আরো মতামত দেয়ার জন্য সময় বাড়ানোর দাবী আসছে। তাছাড়া রমজান ও ঈদের কারণে অনেকে মতামত দিতে পারেন নি।" তিনি আরো বলেন,"আমরাও এ বিষয়ে জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছি। এসব বিষয় মাথায় রেখে শিক্ষা নীতির বিষয়ে মতামত দেয়ার সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আশা করি যারা এখনো এ বিষয়ে মতামত দিতে পারেননি তারা বর্ধিত সময়ের মধ্যে মতামত দিতে পারবে।" বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ৮ এপ্রিল অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে শিক্ষানীতি প্রণয়ন কমিটি - ২০০৯ ঘোষণা করা হয়। কমিটি ২ সেপ্টেম্বর তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়। শিক্ষামন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার দুইদিন পর সেটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। একই দিন থেকে সব শ্রেণীর মানুষের মতামত জানার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে মতামত দিতে বলা হয়েছিল। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, "শিক্ষানীতি বাস্তবায়নে কোনো দলীয়করণ করা হবে না। তাছাড়া শিক্ষা কোনো দলীয় বিষয়ও নয়। তাই শিক্ষানীতি বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই। "জনগণের মতামতকে আমলে নিয়ে চলতি বছরে শিক্ষানীতি চূড়ান্ত করে জানুয়ারি থেকে তা বাস্তবায়নের কাজ শুরু হবে।" সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমানও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেএফ/জিএনএ/১৭৫৫ ঘ.