ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২১ অক্টোবর থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। আর ফিরতি ফ্লাইট শুরু হবে ১ ডিসেম্বর থেকে।
এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৮ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার জন হজ পালনে সৌদি আরব যাবেন।
ধর্মপ্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া বুধবার এ তথ্য জানিয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী নভেম্বর মাসের শেষ দিকে হজ অনুষ্ঠিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হাজি পরিবহন ও হজ ব্যবস্থাপনা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইট ২১ অক্টোবর থেকে শুরু হবে। হাজিদের নিয়ে ফিরতি প্রথম ফ্লাইট সৌদি আরব থেকে রওনা হবে ১ ডিসেম্বর।
শাহজাহান জানান, সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৮ হাজার ৩৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ হাজার ৪২০ জন হজে যাবেন।
"সরকারি ব্যবস্থাপনায় ইতোমধ্যে ৭ হাজার ৭৫৩ জনের বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন হয়েছে। আর আগামী সপ্তাহের মধ্যে বাকি হজ যাত্রীদের বাড়ি ভাড়া করা হবে", বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, এ বছর বেসরকারি ব্যবস্থাপনায় হাজি পাঠানোর জন্য ২৫০টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ২৩৩টি এজেন্সি বাড়ি ভাড়া করেছে এবং ভিসা পেয়েছে। আর বাকি ১৭টি এজেন্সির ভিসার কাজ আগামী সপ্তাহের মধ্যে শেষ হবে।
তিনি বলেন, "সৌদি এয়ারলাইন্স এবার ২০ হাজার এবং বাংলাদেশ বিমান ৩৮ হাজার ৬৬৩ জন হজযাত্রী পরিবহন করবে। এজন্য বাংলাদেশ বিমান অতিরিক্ত ২টি এয়ারক্রাফট ভাড়ার উদ্যোগ নিয়েছে।"
ধর্ম প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ বিমান ইতোমধ্যে একটি এয়ারক্রাফট ভাড়া করেছে। আগামী ২ সপ্তাহের মধ্যে অন্য এয়ারক্রাফটি ভাড়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি বলেন, "অন্যান্য বছর হজ ব্যবস্থাপনায় যে অনিয়মের খবর পাওয়া যায়, এ বছর সে ধরনের কোনও অনিয়ম বা অব্যবস্থাপনা হবে না বলে আশাবাদী।"
সভায় মন্ত্রণালয়ে কর্মকর্তারা, হজ ব্যবস্থাপনা সংশি
bdnews24