২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দরে শেখ হাসিনা সাংবাদিকদের জানান, তার সফর সফল হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শেখ হাসিনার দেশে রওনা হওয়ার খবর নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 06:46 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

শিহাবউদ্দিন কিসলু নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়াশিংটন থেকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন তিনি। বিমানবন্দরে শেখ হাসিনা সাংবাদিকদের জানান, তার সফর সফল হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শেখ হাসিনার দেশে রওনা হওয়ার খবর নিশ্চিত করেন। তিনি বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, তার এবারের সফর প্রত্যেকটি ক্ষেত্রেই সফল হয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করতে পারেননি বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন।" জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার উদ্দেশে গত ২১ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন হাসিনা। গত ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে ভাষণ দেন তিনি। বাংলায় দেওয়া ওই ভাষণে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগুলোর পরিকল্পনা ও কৌশলে পরিবর্তন এনে সমানুপাতিক ভিত্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত এবং বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করতে সদস্য দেশগুলোর সমর্থন চান। তিনি জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় মতভেদ ভুলে বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান। প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও বৈঠক করেন। ওবামাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন। নিউ ইয়র্কে বেশ কয়েকটি সভায়ও অংশ নিয়ে বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী ও বিদেশিদের প্রতি আহ্বান জানান হাসিনা। নিউ ইয়র্ক থেকে তিনি ওয়াশিংটন যান। ২৮ সেপ্টেম্বর বাল্টিমোরে ম্যারিয়ট হোটেলে শেখ হাসিনা পরিবারের সদস্যদের সঙ্গে অত্যন্ত ঘরোয়া পরিবেশে কেক কেটে তার ৬৩তম জন্মদিন পালন করেন। বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও শেখ হাসিনার জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন। ওয়াশিংটনে চিকিৎসকও দেখান আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। ২০০৪ সালে গ্রেনেড হামলায় তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর চিকিৎসকরা জানিয়েছেন তার চোখ এবং কানের অবস্থা আগের চেয়ে ভালো। চিকিৎসকের পরামর্শ এবং নিয়মিত চিকিৎসা তার কানের অবস্থার আরও উন্নতি ঘটাবে। দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার প্রথম সফর। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ, সাংসদ নসরুল হামিদ বিপু, কলামিস্ট মুস্তাফা নূর-উল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.