ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে গ্রেপ্তার ও তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত নেতা-কর্মীদের উপর পুলিশের লাঠিপেটার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
মঙ্গলবার রাতে পাঠানো এক বিবৃতিতে দেলোয়ার বলেন, আমান বিদেশে চিকিৎসা শেষে মাত্র দেশে ফিরলেন। চিকিৎসক তাকে বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় গ্রেপ্তার ও কারাগারে পাঠানো তার স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
অবিলম্বে আমানের মুক্তি দাবিও করেছেন বিএনপি মহাসচিব।
সিঙ্গাপুর থেকে ঢাকা ফেরার পরপরই মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমানকে গ্রেপ্তার করা হয়। ঢাকার কেরানীগঞ্জের ব্যবসায়ী ও গত নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ওসমান গনির ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আমানকে বেলা সাড়ে ৩টার দিকে আদালতে হাজির করা হয়। পরে বিচারক আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24