কুমিল্লা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুর নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার দুপুরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে দুজন মারা গেছেন। দুর্ঘটনায় আরেকজন মারা গেছেন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে।
অগ্নিদগ্ধ হয়ে নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী কুমিল্লা সদর উপজেলার কুচাইতলীর কবির হোসেনের ছেলে দোলন (২০) ও ফরিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (২২)।
নিহত অপর মোটরসাইকেল আরোহী হলেন- মিজানের বন্ধু ঢাকার সায়দাবাদ এলাকার সবুজ (২৩)।
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন খান জানান, মঙ্গলবার দুপুর ৩টায় দয়াপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে কুমিল্লা থেকে সুয়াগাজীগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
মোটরসাইকেলটি দুই আরোহীসহ কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। আরেকজন ছিটকে রাস্তায় পড়েন। এক পর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক ফেটে আগুন ধরে যায়। এতে দুই মোটরসাইকেল আরোহী পুড়ে মারা যান।
ওসি জানান, খবর পেয়ে কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২০ ঘ.
bdnews24