ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরকে সামনে রেখে রমজান মাসে চিনির মূল্য বৃদ্ধি কেলেংকারী তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।
অতিরিক্ত সচিব মোস্তফা মহিউদ্দিনের নেতৃত্বে বাণিজ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পক্ষ থেকে পৃথক একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুটি কমিটিকেই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
চিনির মূল্য কেলেংকারীর কারণ পর্যালোচনায় মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, এফবিসিসিআই সভাপতি আনিসুল হকসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
সভা শেষে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের জানান, চিনির মূল্য কেলেংকারীর সঙ্গে জড়িত ব্যবসায়ীদের ধরা হবে। এ ব্যাপারে সরকারিভাবে তদন্ত করে দেখা হচ্ছে। এটি একটি গণতান্ত্রিক সরকার। এ সরকারের আমলে যাতে কেউ হয়রানির শিকার না হয়, তা সরকারকেই দেখতে হবে। তাই সরকার অধিকতর তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, দেশে চিনির ঘাটতি ছিল না। বরং ওই সময় চিনির সরবরাহ পর্যাপ্ত ছিল। তারপরও কেন চিনির কৃত্রিম সংকট হলো, কারা এর সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করা হচ্ছে। অহেতুক দাম বাড়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
আনিসুল হক জানান, সভায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি বাণিজ্য মন্ত্রণালয়ের। অন্যটি এফবিসিসিআই গঠন করবে। দুটি কমিটিই আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
সভায় উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রমজান মাসে এক লাখ ২০ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করা হয়েছে বলে সভায় চিনি কল মালিকদের পক্ষ থেকে জানানো হয়। তবে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা সভায় জানান, তাদের মাত্র ২৭ হাজার মেট্রিক টন চিনি সরবরাহ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৪৬ ঘ.
bdnews24