২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৈনিক ইত্তেফাকের সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা

মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে দৈনিক ইত্তেফাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল হোসেন ও সম্পাদক রাহাত খানসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা সংবাদ পরিবেশনের অভিযোগে দৈনিক ইত্তেফাকের সম্পাদকমণ্ডলীর সভাপতি মইনুল হোসেন ও সম্পাদক রাহাত খানসহ চারজনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন দুই ব্যবসায়ী শওকত আলী খান বিপুল ও হায়দার আলী খান বুলবুল। তারা দুইজন সহোদর। মামলার অপর দুই অভিযুক্ত হলেন, পত্রিকাটির প্রকাশক সাজু হোসেন ও প্রতিবেদক জামিউল আহসান শিপু। মামলার বাদিরা এস এ খান ইন্টারন্যাশনাল লি. এবং খান এক্সেসরিজ লি. এর মালিক। তারা ৩৬৩, মিরপুর এলাকার আহমদনগরের বাসিন্দা। মামলায় অভিযোগ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাক পত্রিকায় 'মিরপুরে সন্ত্রাসীর দৌরাত্ম্য। র‌্যাবের খাতায় ১২৫ জনের নাম' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে এ দুই ভাইকে সন্ত্রাসী হিসেবে অভিহিত করা হয়। প্রকাশিত এ প্রতিবেদনটি পুরোটাই মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে। ঢাকা মহানগর হাকিম এ কে এম ইমদাদুল হকের আদালতে রোববারই মামলাটির ওপর শুনানি হওয়ার কথা ছিল। তবে আদালত জাতীয় পরিচয়পত্র চাইলে বাদিরা তা দেখাতে ব্যর্থ হয়। পরে আদালত বুধবার জাতীয় পরিচয়পত্র নিয়ে বাদিদের হাজির হতে বলেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৮৩৫ ঘ.