ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বিসিআইসি সদনের তিন তলায় সোমবার সকালে রহস্যজনক বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির পাঁচ তলা থেকে আরো চার জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী। এদের মধ্যে একজন মারা গেছেন।
সকাল ১১টা ৪০ মিনিটে ভবনের পাঁচ তলা থেকে এই চার জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তারা পাঁচ তলায় বিসিআইসি'র গেস্ট হাউজে ঘুমিয়েছিলেন। আগুনের ধোঁয়া পাঁচ তলায় ছড়িয়ে পড়লে এরা অসুস্থ হয়ে পড়েন।
উদ্ধারের পরে দ্রুত তাদের হাসপাতাল নেয়া হলে এদের মধ্যে একজন মারা যান। তার নাম নূর-এ-মালেক মো. মজিবুর রহমান।
মজিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জে। তিনি ঘোড়াশাল সার কারখানার কর্মচারী এবং সেখানকার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সামন্ত লাল সেন জানান, বেলা সোয়া ১১টার দিকে সংজ্ঞাহীন অবস্থায়ই মজিবুরের মৃত্যু হয়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের বিসিআইসি সদনের তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। এতে আরও সাতজন আহত হয়।
আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন- মোতালেব চৌধুরি (৪০), মো. শাহীন (৩০), শিবলু সাহা (২৮), উজ্জ্বল (৩৬), রুবেল (১৮), এস এম আনোয়ার হোসেন (৩২) ও আব্দুল খালেক।
সকাল পৌনে ১১টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
কিভাবে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব সদস্যসহ দমকল বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/কিউএইচ/এইচএ/১৪৫৪ ঘ.
bdnews24