ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিলে বিসিআইসি সদনের তিন তলায় সোমবার সকালে রহস্যজনক বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির পাঁচ তলা থেকে আরো চার জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী। এদের মধ্যে একজন মারা গেছেন।
এ ঘটনায় দমকল বাহিনী একটি তদন্ত কমিটি গঠন করেছে।
সকাল ১১টা ৪০ মিনিটে ভবনের পাঁচ তলা থেকে এই চার জনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। তারা পাঁচ তলায় বিসিআইসি'র গেস্ট হাউজে ঘুমিয়েছিলেন। আগুনের ধোঁয়া পাঁচ তলায় ছড়িয়ে পড়লে এরা অসুস্থ হয়ে পড়েন।
উদ্ধারের পরে দ্রুত তাদের হাসপাতাল নেওয়া হলে এদের মধ্যে একজন মারা যান। তার নাম নূর-এ-মালেক মো. মজিবুর রহমান।
এছাড়া এ তিনজনসহ আহত হয় ৯ জন।
মজিবুর রহমানের বাড়ি কিশোরগঞ্জে। তিনি ঘোড়াশাল সার কারখানার কর্মচারী এবং সেখানকার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. সামন্ত লাল সেন জানান, বেলা সোয়া ১১টার দিকে সংজ্ঞাহীন অবস্থায়ই মজিবুরের মৃত্যু হয়।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের বিসিআইসি সদনের তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর আগুন লাগে।
আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন- মোতালেব চৌধুরি (৪০), মো. শাহীন (৩০), শিবলু সাহা (২৮), উজ্জ্বল (৩৬), রুবেল (১৮), এস এম আনোয়ার হোসেন (৩২) আব্দুল খালেক, শাহাবুদ্দিন (৫০) ও সারোয়ার (৪৮)।
সকাল পৌনে ১১টার দিকে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।
কিভাবে বিস্ফোরণ ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পুলিশ ও র্যাব সদস্যসহ দমকল বাহিনী ঘটনাস্থলে অবস্থান নেয়। এসময় উৎসুক জনতাকে সামাল দিতে পুলিশ এবং র্যাবকে বেশ হিমশিম খেতে হয়।
পাঁচতলা এই ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিভিন্ন ফ্লোরও কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের তিন তলা পর্যন্ত ভাড়া। চার তলায় বিসিআইসির স্টোর রুম। পাঁচ তলায় বিসিআইসির গেস্ট হাউজ।
বিসিআইসি সদনের উত্তর পাশে সিটি ব্যাংক। এই ব্যাংকের নিরাপত্তা কর্মী নাসিরুল আলম বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে জানান, হঠাৎ করে বিকট শব্দ হয় এবং বড় ধরনের ঝাঁকুনি দেয়। এরপরেই দেখা যায় বিসিআইসি ভবনের তিন তলা থেকে ধোঁয়া ও আগুন বের হচ্ছে। এছাড়া সেই ভবনের জানালার একটি গ্রীল,কয়েকটি ইটের টুকরা রাস্তায় পড়ে আছে। একই সঙ্গে কাচের অসংখ্য টুকরা, অফিসের বিভিন্ন ধরনের কাগজ-পত্র ভবনের সামনের রাস্তা ছাড়াও নিকটবর্তী আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানির অফিসের সামনের রাস্তা পর্যন্ত গিয়ে পড়ে।
ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, ভবনের সামনের দ্বিমুখী রাস্তায় কাঁচের-ইটের টুকরা,কাগজ-পত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যে তলাটি বিধ্বস্ত হয়েছে এসব কাগজ-পত্র সেই তলার অফিসের বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পানি ভবনেরও বেশ কয়েকটি গ্লাস ভেঙ্গে গেছে। ধারণা করা হচ্ছে, বিধ্বস্ত হওয়ার সময় ছুটে আসা ইটের টুকরা গুলো এই ভবনের গ্লাসে আঘাত হানে।
বিসিআইসি ভবনের দক্ষিন দিক লাগোয়া বাংলা লিংকের একটি অফিস। এই অফিসের নীচ তলার বেশ কয়েকটি গ্লাস ভেঙ্গে গেছে। দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, বিস্ফোরণে ঝাকুনিতে এই গ্লাসগুলো ভেঙ্গে যায়।
ভবনটির ক্ষতিগ্রস্থ ফ্লোরে গিয়ে দেখা যায় পুরো ফ্লোরটি ধংসস্তুপে পরিণত হয়েছে। ফ্লোরের পার্টিশন ইটের দেওয়ালগুলোর একটিও নেই। সবগুলো ভেঙ্গে একটির ওপর গিয়ে আরেকটি পড়েছে। অফিসের ফাইলপত্র,আসবাবপত্রসহ সব কিছুই তছনছ অবস্থায় পড়ে আছে। ভবনের মূল দেওয়ালের কয়েকটি জায়গায় ফাটল দেখা গেছে।
'ট্রান্সবার' নামে আমদানি রপ্তানির একটি বাণিজ্যিক প্রতিষ্টানও ক্ষতিগ্রস্থ হয়েছে। এই প্রতিষ্টানের কর্মচারি হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ফ্লোরে ১০ থেকে ১২টি আফিস রয়েছে। মানি এক্সচেঞ্জ, ট্র্যাভেল এজেন্সি, শেয়ার ব্যবসা প্রতিষ্টানসহ বেশ কয়েকটি অফিস থাকলেও অধিকাংশ অফিস ঈদ-পূজার কারণে খোলেনি।
স্থানীয় অনেকের ধারনা, এসব অফিসের যে কোনো একটি দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার কোনো একটি খুলেছে। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত হয়ে যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে পাঁচ জনই পদ্মাগ্র"পের কর্মকর্তা-কর্মচারি। তারা সবাই দগ্ধ হয়েছেন। বর্তমানে আহত দুইজন ছাড়া বাকি সবাইকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
দমকল বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইম মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে এটা বোমার কোনো বিস্ফোরণ নয়। বিস্ফোরনটি গ্যাস থেকে হতে পারে। গত বছরের ২ জুন নয়া পল্টনে হোটেল অরচার্ড প্লাজায় যে বিস্ফোরণ হয়েছিল তার সঙ্গে এর মিল পাওয়া যাচ্ছে। হোটেল অরচার্ড প্লাজার ঘটনার তদন্তে জানা গেছে, গ্যাসের লাইনের সঙ্গে বাথরুমের লাইনের সংযোগ হওয়ায় গ্যাস জমা হয়। ওই ঘটনায় যে বিদেশী নাগরিক মারা যান তিনি সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল।
বিসিআইসি সদনে গ্যাসের লাইনের সন্ধান পাওয়া গেছে। তা ছাড়া ঈদ-পূজার কারণে বেশ কয়েকটি অফিস বন্ধ ছিল। ফলে গ্যাস জমা হয়ে থাকতে পারে।
তিনি জানান, যে ব্যাক্তি মারা গেছেন তিনি পাঁচ তলায় ছিলেন এবং ধূমপায়ী। ধারণা করা হচ্ছে, পাঁচ তলা থেকে নামার সময় সিড়িতে তিনি সিগারেট ধরাতে গিয়েছিলেন। আর এ সময় বিস্ফোরণ ঘটে। তবে তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। আর এজন্য একজন সহকারি পরিচালককে প্রধান করে দমকল বাহিনীর পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৭২০ ঘ.
bdnews24