চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্তের সময় চতুর্থ দফায় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আরও তিন মাস সময় বাড়ানোর জন্য আবেদন জমা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "নির্ধারিত সময়ে এ মামলার তদন্ত শেষ করা সম্ভব নয় বলে সময় চেয়ে আবারও আবেদন জানানো হয়েছে।"
আগামী ৫ অক্টোবর এ আবেদনের ওপর শুনানি হবে বলেও জানান তিনি। ওই দিনই এ মামলার তদন্তের সর্বশেষ ৭৫ দিনের সময় শেষ হচ্ছে।
এর আগে গত ২২ জুলাই সিআইডি'র আবেদনে সময় বাড়ানো হয়।
চারটি বিষয়কে সামনে রেখে তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা ২০০৭ সালের ১৯ নভেম্বর এ মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানান।
এরপর আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের আদেশ দিলে সিআইডির সহকারী পুলিশ সুপার ইসমাঈল হোসেনকে আইও নিযুক্ত করা হয়। কিন্তু তিনি দুই দফা সময় নিয়েও মামলার কোন অগ্রগতি করতে ব্যর্থ হন।
এরপর রাষ্ট্রপক্ষ ২০০৮ সালের ১৮ জানুয়ারি আদালতে আইও পরিবর্তনের আবেদন জানায়।
বর্তমান আইও মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর তিনি অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন।
এদের মধ্যে চারজনকে নতুন করে গ্রেপ্তার করা হয় এবং সাত জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে।
পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা করেন।
পরবর্তী সময় সিআইডি তদন্ত শেষে অস্ত্র মামলায় ৪৩ ও চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসএইচ/২২৫৮ ঘ.
bdnews24