গাজীপুর, সেপ্টেম্বর ২৭ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের কামারজুরি এলাকার একটি পোশাক-কারখানার ২২ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে কারখানার শ্রমিকরা রোববার সকালে বিক্ষোভ এবং প্রায় কর্মবিরতি পালন করেন।
শ্রম আইন অনুযায়ী ছাঁটাই করা শ্রমিকরা সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্যানডোরা নামের এই কারখানার কারখানাটির ব্যবস্থাপক মো. হাসান পারভেজ।
তিনি জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শনিবার ১৯ জন ও রোববার ৩ জন শ্রমিককে শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী চলতি মাসসহ চার মাসের বেতনসহ সব পাওনা বুঝিয়ে দিয়ে ছাঁটাই করা হয়েছে।
জয়দেব থানার উপ-পরিদর্শক মো. আজহারুল ইসলাম জানান, রোববার সকালে ২২ সহকর্মীর চাকরিচ্যুতির খবর শুনে কারখানার নিটিং সেকশনের শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধ ঘণ্টা কর্মবিরতি পালন ও বিক্ষোভ করে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্র্র্তৃপক্ষ, সাধারণ শ্রকিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিষয়টি মিটমাট হওয়ার পর শ্রমিকরা কাজে যোগ দেয়।
তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর কারখানা কর্তৃপক্ষের বেঁধে দেওয়া উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও বিক্ষোভ দেখা দেয়। সেদিন তারা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে।
এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার উৎপাদন ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, ফ্লোর ইনচার্জ মো. সুজন ও তদারক কর্মকর্তা (সুপারভাইজার) রাশেদুল ইসলামের ওপর চড়াও হয় এবং তাদের লাঞ্ছিত করে।
এসআই আজহার জানান, এ ঘটনায় ২২ শ্রমিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24