ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সন্তানকে বাঁচাতে গিয়ে রোববার সকালে রাজধানীর পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক বাবা।
নিহত সোহরাব হোসেন (৩৮) নোয়াখালীর হাতিয়ার বন বিভাগের কর্মচারি।
ঈদের পর ছুটি নিয়ে সপরিবারে কর্মস্থল হাতিয়া থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের ডিগ্রি পাড়ায় যাচ্ছিলেন তিনি। তবে পথে স্ত্রী ও চার সন্তানের সামনেই মৃত্যু হল তার। পরিবার প্রধানের মর্মান্তিক এ মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ত্রী রীনা বেগমসহ তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন সোহরাব। সকালে লঞ্চে সদরঘাটে নেমে সোয়া ৯টার দিকে ভিক্টোরিয়া পার্ক (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে) বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়েছিলেন তারা।
এসআই মোজাম্মেল বলেন, "এর মধ্যে হঠাৎ তার ছেলে রনি (৭) বড় রাস্তার মাঝ বরাবর চলে যায়। এ সময় ফাঁকা রাস্তায় দ্রুতবেগে ভূবন পরিবহনের একটি বাস আসছিল। তখন রনিকে বাঁচাতে বাবা সোহরাব নেমে পড়েন রাস্তায়।
"রনি বেঁচে গেলেও বাসটির ধাক্কা এড়াতে পারেননি সোহরাব। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি আগেই মারা গেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এসএইচ/২১৪২ ঘ.
bdnews24