ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়দিনের রাষ্ট্রীয় সফর শেষে সৌদি আরব থেকে রোববার বিকালে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
রাষ্ট্রপতির প্রেস সচিব আব্দুল আউয়াল হাওলাদারের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি দেশে ফিরেন।"
রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২২ সেপ্টেম্বর সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে সৌদি আরব সফরে যান। তিনি কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজি'তে এক অনুষ্ঠানে যোগদান করেন।
এছাড়া তিনি পবিত্র ওমরাহ পালন, মদিনাতে হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএম/এমআই/১৯১৪ ঘ.
bdnews24