২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানী পুজামন্ডপের কাছ থেকে উদ্ধার করা বস্তুটি গ্রেনেড বা বোমা নয়

শুক্রবার রাতে বনানীতে পুজামন্ডপের কাছ থেকে উদ্ধার করা বস্তুটি আর্জেস গ্রেনেড বা বোমা নয় বলে শনিবার নিশ্চিত করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 02:22 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শুক্রবার রাতে বনানীতে পুজামন্ডপের কাছ থেকে উদ্ধার করা বস্তুটি আর্জেস গ্রেনেড বা বোমা নয় বলে শনিবার নিশ্চিত করেছে র‌্যাব। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি গ্রেনেড সদৃশ একটি নিষ্ক্রিয় বিস্ফোরক জাতীয় বস্তু। অনেক পুরাতন বলে এটি আসলে যে কী তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি দিয়ে কোন নাশকতার ঘটনা ঘটানো সম্ভব নয়।" শুক্রবার রাতে বোমা সদৃশ বস্তুটি উদ্ধারের পরই র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মিজানুর রহমান ঘটনাস্থলে সেটিকে বোমা বলে জানিয়েছিলেন। শনিবার র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার আরও বলেন, "কেউ ভারমুক্ত হওয়ার জন্য অথবা আতঙ্ক সৃষ্টির জন্য সেটি বনানীর মাঠটিতে ফেলে রেখেছিলো বলে আমরা ধারণা করছি।" গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিস্ফোরক সন্দেহে বস্তুটি উদ্ধারের পরে র‌্যাব সদস্যরা এখনো আমাদের কিছু জানায় নি। তবে বিস্ফোরক জাতীয় একটি বস্তু উদ্ধার করা হয়েছে বলে উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করে রেখেছি।" শুক্রবার রাত সাড়ে ৮টায় বনানীর একটি পুজামন্ডপের কাছ থেকে র‌্যাব সদস্যরা বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসএইচ/২০১৬ ঘ.