২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার চারপাশে হবে ৪টি স্যাটেলাইট শহর

মূল শহরের ওপর চাপ ও আবাসন সঙ্কট কমাতে ঢাকার চারপাশে গড়ে তোলা হচ্ছে চারটি স্যাটেলাইট শহর। প্রতিটিতে এক লাখ আবাসন সুবিধা সম্বলিত এ চারটি নগরী নির্মাণ হবে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে। এ লক্ষ্যে ইতোমধ্যে সরকারের শীর্ষপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় শুরু করেছে জমি খোঁজার কাজও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 01:22 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল শহরের ওপর চাপ ও আবাসন সঙ্কট কমাতে ঢাকার চারপাশে গড়ে তোলা হচ্ছে চারটি স্যাটেলাইট শহর। প্রতিটিতে এক লাখ আবাসন সুবিধা সম্বলিত এ চারটি নগরী নির্মাণ হবে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে। এ লক্ষ্যে ইতোমধ্যে সরকারের শীর্ষপর্যায়ে আলোচনা শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় শুরু করেছে জমি খোঁজার কাজও। সরকারি খাস জমি বেশি রয়েছে এমন এলাকাকেই এ প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "সরকার নতুন করে আরও কয়েকটি প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে। রাজউকের 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ডিএপি)' এলাকার বাইরেই হবে এসব নগরী।" পাঁচ শ' একর জমির গড়ে উঠবে প্রতিটি নগরী। কমপক্ষে ২০তলা উচ্চতার এসব ভবনে থাকবে ৪০ থেকে ৮০টি করে ফ্ল্যাট। এসব নগরী থাকবে নিজস্ব সৌর বিদ্যুৎ ব্যবস্থা, বৃষ্টির পানি রক্ষণাগার ও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। নির্মাতারাই এর ব্যবস্থা করবেন, যাতে সরকারকে বাড়তি বিদ্যুৎ, পানি ও নিরাপত্তার ব্যবস্থা করতে না হয়। তবে প্রকল্প শুরুর আগেই নির্দিষ্ট করে কিছু জানাতে রাজি হননি প্রতিমন্ত্রী। কারণ, আগাম এমন ঘোষণায় এলাকাগুলোতে জমির দাম বেড়ে যেতে পারে। এটা পুরো প্রকল্পকে ঝুঁকিতে ফেলতে পারে বলে মনে করেন তিনি। মান্নান খান জানান, আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকারের সময়ই এ চারটি নগরীর কাজ শুরু ও শেষ করতে চান তারা। এ জন্য সরকার জমির ব্যবস্থা করবে। ভবন নির্মাণের জন্য এসব জমি শর্তসাপেক্ষে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের দেওয়া হবে। তিনি আরও জানান, নির্মাণ শেষে হলে সরকারি অংশের ফ্ল্যাটগুলো সরকারি ব্যবস্থাপনায় বিক্রি হবে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের অগ্রাধিকার দেওয়া হবে। সাধারণ মানুষও এসব ফ্ল্যাট কিনতে পারবেন। সরকারি ফ্ল্যাট বিক্রি হতে পারে 'ভাড়ার টাকায় কেনা বা হায়ার পারচেজ' পদ্ধতিতে। নির্মাতা প্রতিষ্ঠান তাদের অংশ ইচ্ছেমতো মূল্যে বিক্রি করতে পারবে না। সরকার নির্ধারিত মূল্যেই বিক্রি করতে হবে নির্মাতাদেরও, জানান তিনি। রাজধানীর আশপাশে বেশ কয়েকটি সরকারি প্রকল্পে ইতোমধ্যেই প্লট বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, "কয়েকটিতে এখনো বরাদ্দের কাজ চলছে। এতে অনেক বেশি কৃষি ও নিচু জমির ব্যবহার হচ্ছে। এটা দেশের খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে তুলছে।" বিদেশি কোন সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত প্রস্তাব পাওয়া গেছে কিনা- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দেশি আবাসন ব্যবসায়ীদের সংগঠন 'রিহ্যাব' ইতোমধ্যেই এ ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এছাড়া কোরিয়া, মালয়েশিয়া ও সুইজারল্যান্ডের মতো বিদেশের বিনিয়োগকারীদের পক্ষ থেকেও প্রস্তাব রয়েছে। আরও অনেকেই এ প্রস্তাবে সাড়া দিতে পারে। বর্তমানে ঢাকা মহানগরীতে বর্তমানে প্রায় দেড় কোটি লোক বসবাস করে। তবে সেই তুলনায় গড়ে ওঠেনি পর্যাপ্ত আবাসন সুবিধা। এমনকি ঢাকা শহরে কর্মরত জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে মাত্র সাত শতাংশ সরকারি আবাসনের সুবিধা পান। অন্যদের নিজ ব্যবস্থাপনায় থাকতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৯১৮ ঘ.