২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার মতোই বাংলায় ভাষণ দেবেন হাসিনা

বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ১২টার মধ্যে সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে হাসিনা অষ্টম বক্তা হিসেবে ভাষণ দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টা থেকে ১২টার মধ্যে সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে হাসিনা অষ্টম বক্তা হিসেবে ভাষণ দেবেন। জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধিদের অন্যতম ইফতেখার আহমদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই বাংলা ভাষায় সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন। তবে এর আগে ১৯৯৬ সালে সাধারণ পরিষদে হাসিনা বাংলায় ভাষণ দিয়েছিলেন বলে দাবি করেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা সাংবাদিক বেবী মওদুদ। বেবী মওদুদ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৯৬ সালেও জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন শেখ হাসিনা। ৪০ মিনিটের ওই ভাষণ ইংরেজিতে তরজমা করা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দিতে যাচ্ছেন।" তিনি আরও জানান, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতিসংঘের শিশু বিষয়ক এক বিশেষ অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছিলেন। "আমিই তার বাংলা ভাষণের ইংরেজি করেছিলাম," বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ ডেস্কের তখনকার মহাপরিচালক ইফতেখার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভের পর ২৪ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু। এ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশ সময় গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে এমিরেটস্ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/এমআই/১৪০০ ঘ.