২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' সন্ত্রাসী নিহত

রাজধানীর মিরপুর এলাকায় এবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার ভোররাতে কল্যাণপুর বালুর মাঠে নিহত জনি ওরফে পাঠান জনি (২৮) শীর্ষসন্ত্রাসী বিকাশ গ্র"পের সহযোগী বলে পুলিশ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকায় এবার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার ভোররাতে কল্যাণপুর বালুর মাঠে নিহত জনি ওরফে পাঠান জনি (২৮) শীর্ষসন্ত্রাসী বিকাশ গ্র"পের সহযোগী বলে পুলিশ দাবি করেছে। জনির বিরুদ্ধে মিরপুর ও পল্লবী ও কাফরুল থানায় হত্যা, চাঁদাবাজির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে আল আমিন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে সাদা রঙের একটি প্রাইভেটকার নিয়ে সন্ত্রাসীরা কল্যাণপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। "বালুর মাঠে পুলিশ গাড়িটি আটকালে গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। তখন পুলিশও পাল্টা গুলি চালালে জনি নিহত হয়।" ঘটনাস্থল থেকে একটি রিভলভার, তিন রাউন্ড গুলি ও গুলির ২টি খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, "ক্রসফায়ার বলে কিছু নেই। এ বিষয়ে যা বলা হয় তা ঠিক নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার সময় এ সব মৃত্যুর ঘটনা ঘটে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৪৩০ ঘ.