ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গোৎসবের মহাঅষ্টমীতে শনিবার সকালে কুমারী পূজায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে পুণ্যার্থীদের ঢল নামে।
সকাল ১১টা ২০ মিনিট থেকে ১১ টা ৪৫ টা মিনিট পর্যন্ত এই কুমারী পূজা হয়।
এবার কুমারী দেবীরূপে মণ্ডপে অধিষ্ঠিত হন হাজারীবাগের জাতীয় তরুণ শিক্ষা নিকেতনের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী মধু মঞ্জুরী চক্রবর্তী। তার শাস্ত্রীয় নাম মালিনী।
রামকৃষ্ণ মিশনে অধ্যক্ষ অক্ষরানন্দ মহারাজ সাংবাদিকদের বলেন, "পৃথিবীতে দেবী দুর্গাই সর্ব শক্তিমান। তাকে লক্ষ করেই এই কুমারী পূজা করা হয়। একজন কুমারীকে মাতৃজ্ঞানে আমরা পূজা করি।"
কুমারী পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী স্থিরাত্মানন্দ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নারী মানে মায়ের প্রতীক। তাই কুুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। মাতৃভাব অবলম্বন করে আমরা ঈশ্বরের পূজা করছি। মাতৃমানুষের মধ্যেই দেবত্বের শক্তি বিকশিত হয়।"
মালিনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার খুব ভালো লাগছে, সবাই আমাকে পূজা দিয়েছে। এর আগে পূজায় এখানে এসেছিলাম দেখতে আর আজ পূজা নিচ্ছি। ''
রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপের আশপাশে তিল ধারণের ঠাঁই ছিল না। ভোর থেকেই সনাতন ধর্মালম্বীরা জড়ো হন মণ্ডপে। কুমারী পূজায় ১৬টি উপকরণ দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং ৫টি উপকরণ অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস দিয়ে কুমারীকে পূজা করা হয়।
কুমারী পূজা শেষে পুষ্পাঞ্জলি ও প্রার্থনায় অংশ নেন পুণ্যার্থীরা
দুর্গোৎসবে মহাঅষ্টমীর রাত ১টা ০৫ মিনিটে সন্ধি পূজা হবে। মহাঅষ্টমী ও মহানবমীর তিথির সংযোগস্থলে এই সন্ধি পূজা হয়ে থাকে।
আনন্দময়ী দেবীর বোধনের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার শুরু হয় সনাতন ধর্মাবলম্বী বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
অষ্টমীর পর রোববার হবে নবমী পূজা। সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ শারদীয় উৎসব।
দেশে এবার ২৩ হাজারও বেশি মণ্ডপে পূজা হচ্ছে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমচন্দ্র ভৌমিক জানিয়েছেন।
ঢাকা মহানগরীতে এবার ১৭২টি মণ্ডপে পূজা হচ্ছে।
দুর্গাপূজা নির্বিঘ
bdnews24