রাজবাড়ী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ীর গোয়ালন্দ রেলস্টেশনের প্লাটফর্মে ঢোকার মুখে শুক্রবার রাতে বোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।
এরা হলেন- স্থানীয় বাসিন্দা আজাদ শেখ (৩০) ও লাবলু (২৮)।
এদের মধ্যে আজাদকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তিনি পায়ে আঘাত পেয়েছেন। লাবলুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক।
তিনি বলেন, রাত পৌনে ১০টার দিকে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বোমাটি জর্দার কৌটা দিয়ে ঘরে তৈরি করা।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২৭ ঘ.
bdnews24