চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাহউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে বৃহস্পতিবার চট্টগ্রামে পাল্টাপাল্টি সমাবেশ করেছে বিএনপির দুই পক্ষ।
এক পক্ষ এ সাংসদের বহিষ্কার দাবি করেছে। অপর পক্ষ বলছে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
উভয় পক্ষের সমাবেশই হয় চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির কার্যালয় কাজীর দেওড়ীর নাসিমন ভবনের সামনে।
চন্দনাইশ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ হাশেম রাজু ও উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোলায়মান মঞ্জুর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতা-কর্মী দুপুর আড়াইটার দিকে নাসিমন ভবনে সমাবেশ করে।
সমাবেশে হাশেম রাজু বলেন, সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে।
এতে দলের কয়েকজন নেতা ইন্ধন দিচ্ছে অভিযোগ করে সমাবেশ থেকে বিএনপির ওই নেতাদের বিচারও দাবি করা হয়। তবে কারও নাম উল্লেখ করা হয়নি।
বেলা ৩টার দিকে মহানগর বিএনপি'র নেতা-কর্মীরা তাদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি পালন করতে কার্যালয়ে জড়ো হতে থাকলে সাকা চৌধুরীর সমর্থকরা মিছিল নিয়ে নাসিমন ভবন ত্যাগ করেন। মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব পর্যন্ত যায়।
এদিকে মহানগর কমিটির যুগ্ম আহবায়ক এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর বহিষ্কার দাবি করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সম্পর্কে একটি বেসরকারি টেলিভিশনে সালাহউদ্দিন কাদের আপত্তিকর বক্তব্য দিয়েছেন অভিযোগ করে এর প্রতিবাদে ওই সমাবেশ ডাকা হয়।
যদিও এ বিএনপি নেতার দাবি, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার হয়েছে।
সমাবেশে নাজিমউদ্দিন বলেন, সাকা চৌধুরী বিএনপি'র ভেতরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী।
সমাবেশ থেকে বলা হয়, সালাহউদ্দিন কাদেরকে যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ করা হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা এম এ সবুর, আবু সুফিয়ান, আবুল হাশেম বক্কর প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/২০১৫ ঘ.
bdnews24