ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দ্বিতীয় সংশোধিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র-২ (পিআরএসপি-২) ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে আগামী বছরের শুরু থেকেই তা বাস্তবায়নের কাজ শুরু হবে।
এবার পাঁচশালা পরিকল্পনার সঙ্গে মিলিয়ে তৈরি দুই বছর মেয়াদী কৌশলপত্র বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে তিন লাখ ১০ হাজার ৮২৭ কোটি টাকা।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) মিলনায়তনে বৃহস্পতিবার দাতা দেশ ও সংস্থার স্থানীয় পরামর্শক গ্র"পের (এলসিজি) প্রতিনিধিদের সঙ্গে এক সভা শেষে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী এ কথা জানান।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও এলসিজি'র কো-চেয়ার এম মোশাররাফ হোসেন ভূইয়া, ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা -ডিএফআইডি'র প্রধান ও এলসিজি'র কো-চেয়ার ক্রিস অস্টিন এবং বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক ও বিভিন্ন দাতা দেশের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, "পিআরএসপি'র বিষয়ে জনগণের মতামতই প্রাধান্য পাবে। এ জন্যেই তা সংসদে উপস্থাপন করা হয়েছে। দলিলটি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। এরপর তা বাস্তবায়ন শুরু হবে।"
তিনি বলেন, "উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে দারিদ্র্র্য বিমোচনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে বলে সে সময় দাতারা প্রতিশ্র"তি দিয়েছিল।"
তিনি অভিযোগ করে বলেন, "কোনও আলোচনা না করে বিগত সরকারগুলো অন্ধের মত পিআরএসপি প্রণয়ন ও অনুসরণ করেছে।"
পরিকল্পনামন্ত্রী জানান, পিআরএসপি বাস্তবায়ন করে বিগত বছরগুলোতে দেশের কি লাভ বা ক্ষতি হল তার মূল্যায়ন করা হয়নি। ওই অবস্থায় তত্ত্বাবধায়ক সরকার কারও সঙ্গে পরামর্শ না করেই দ্বিতীয় পিআরএসপি প্রণয়ন করে।
তিনি বলেন, "আওয়ামী লীগের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আমরা পিআরএসপি নিয়ে ভিন্নভাবে চিন্তা শুরু করি। তিন বছরের এ ধরনের স্বল্প মেয়াদী পরিকল্পনার পরিবর্তে আগের পঞ্চবার্ষিক পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেই।
"পাশাপাশি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রণীত দ্বিতীয় পিআরএসপিকে সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এটা সংশোধনের উদ্যোগ নিই।"
গত ৯ সেপ্টেম্বর সংশোধিত দ্বিতীয় পিআরএসপি মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হয়। এরপর জনপ্রতিনিধিদের মতামত জানতে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাঠানো হয়।
আগামী নভেম্বরে জাতীয় সংসদ অধিবেশনে আলোচনা ও অনুমোদনের পর সরকার সংশোধিত দ্বিতীয় পিআরএসপি চূড়ান্ত করবে বলে পরিকল্পনামন্ত্রী জানান।
গত ১৫ সেপ্টেম্বর দারিদ্র্য নিরসন ও সম্পদের অসমতা দূর করার লক্ষ্যে 'পরিবর্তনের পথে যাত্রা: দারিদ্র্য বিমোচনে জাতীয় কৌশলপত্র' শীর্ষক সংশোধিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র-২ সংসদে উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী।
একে খন্দকার পিআরএসপি'র প্রকল্পগুলো বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে জানিয়ে বলেন, "পরিসংখ্যান ব্যুরো ও পরিকল্পনা কমিশনকে শক্তিশালী করতে হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ সিরিয়াসলি নিতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, আরও ভালভাবে পিআরএসপি বাস্তবায়ন করতে পারবো এবং টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারব।"
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, পিএরএসপি-২ বাস্তবায়নে তিন লাখ ১০ হাজার ৮২৭ কোটি টাকা টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়ছে।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, "প্রথম পিআরএসপি প্রণয়নের সময় সেটি বাস্তবায়নে কি পরিমান অর্থের প্রয়োজন হবে তা হিসাব করা হয়নি। ফলে দেখা গেছে, ওই তিন বছরে বাংলাদেশ সরকার দাতাদের কাছ থেকে ৬১০ কোটি ডলার ঋন ও সহায়তা পেয়েছে।"
দ্বিতীয় পিআরএসপি বাস্তবায়নে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে তার একটি হিসাব করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, "আগামী তিন বছরে এক হাজার ৬৫৮ কোটি ডলার বৈদেশিক ঋন ও সহায়তার প্রয়োজন হবে।"
এই পরিমাণ অর্থের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্পে (পিপিপি ) দেশি-বিদেশি বিনিয়োগ থেকে আসবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন।
মন্ত্রী জানান, বৈঠকে দাতাদের পক্ষ থেকে পিআরএসপি'র লক্ষ্য ও উদ্দেশ্যগুলো অর্জনের জন্য প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং ব্যবস্থা জোরদারের কথা বলা হয়েছে।
বৃহস্পতিবারের পরামর্শ সভায় বাংলাদেশে ডিএফআইডি'র প্রধান ক্রিস অস্টিন জানান, সামষ্টিক অর্থনীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ প্রয়োজনীয় কৌশল বাস্তবায়নে তাদের সহায়তা অব্যাহত থাকবে।
সভার শুরুতে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনৈতিক বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম সংশোধিত দ্বিতীয় পিআরএসপি বাস্তবায়নে বিভিন্ন তথ্য তুলে ধরে জানান, এটা বাস্তবায়নে ৩ লাখ ১০ হাজার ৮২৭ কোটি টাকা প্রয়োজন হবে।
পাশাপাশি ঋনের সুদসহ আনুষঙ্গিক ব্যয় হবে আরও ৬৪ হাজার ২৫৯ কোটি টাকা। সব মিলিয়ে মোট খরচ হবে ৩ লাখ ৭৫ হাজার ৮৬ কোটি টাকা। এর মধ্যে সরকার রাজস্ব আয় থেকে পাবে ২ লাখ ৯ হাজার ৪০ কোটি টাকা এবং অভ্যন্তরীন উৎস থেকে ঋন করবে ৫০ হাজার কোটি টাকা।
সে হিসাবে পিআরএসপি বাস্তবায়নে সম্পদের ঘাটতি হবে ১ লাখ ৬০ হাজার কোটি টাকা। মার্কিন ডলারের হিসাবে যার পরিমান ১ হাজার ৬৫৮ কোটি ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএইচ/২০০৫ ঘ.
bdnews24