ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি অপারেশন থিয়েটার থেকে শৈল্য চিকিৎসার যন্ত্রপাতি ও সরঞ্জাম চুরি হয়েছে।
ইউরোলজি বিভাগের অপারেশন থিয়েটারে বুধবার রাতে এ চুরি হয় বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ হয়।
চোররা ৩৭ প্রকারের মালামাল নিয়ে গেছে বলে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় বলা হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে ওই মামলা করা হয়।
চোররা দরজার তালা এবং জানালার গ্রিল কেটে যন্ত্রপাতি নিয়ে যায় বলে জানিয়েছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (উপপরিদর্শক) অহিদুর রহমান মজুমদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার বিকাল পর্যন্ত ওই কক্ষে কাজ হয়েছে। রাতের কোনও এক সময়ে চুরির ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।"
চুরি হওয়া যন্ত্রপাতির বিষয়ে তিনি বলেন, "৩৭ প্রকার সরঞ্জামের তালিকা আমরা করেছি। এসব সরঞ্জামের প্রকৃত মুল্য নিরূপণের কাজ চলছে।"
হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের করা মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৯০০ ঘ.
bdnews24