বরগুনা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা শহরের কাজী নজরুল ইসলাম সড়কে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর এবং তিনটি দোকান পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে দুই ব্যবসায়ীসহ সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে বনি আমিন ও আনিসুর রহমানকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পিযুষ সাহা জানান, সকাল সোয়া ৬টার দিকে আবদুল আজিজ মাঝির বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বনি আমিনের ইসলামিয়া স্টোর, কামালের মালিকানাধীন ঘরের ভাড়াটিয়া পিযুষ সাহার মেসার্স সাহা স্টোর ও আবদুল আজিজ মিয়ার বাংলাদেশ মেটাল অ্যান্ড এসবি স্টোর পুড়ে ছাই হয়ে যায়।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দুই ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক স্বপন কুমার সরকার ও পৌর মেয়র শাজাহান ঘটনাস্থলে ছুটে যান।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার এস এম এ জালাল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে এসে রিজার্ভ পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে খাকদোন নদী থেকে একাধিকবার পানি আনার চেষ্টা করে তারা ব্যর্থ হন।
শহরের মধ্যে কোন পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভাতে কষ্ট হয়েছে বলে তিনি জানান।
ব্যবসায়ীরা দাবি করেছেন, এক কোটির বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ব্যাংক ঋণসহ সব ধরনের সহযোগিতা করা হবে বলেন আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক স্বপন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমএসবি/১৮০৫ ঘ.
bdnews24