ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ অক্টোবর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ২, ৩ ও ৪ অক্টোবর সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। পরদিন ৫ অক্টোবর বেলা ২টা থেকে বিকেল ৬টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সমিতির কার্যালয়ে রক্ষিত বাক্সে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
৬ অক্টোবর প্রার্থী অথবা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিল বা আপত্তির ক্ষেত্রে ১১ ও ১২ অক্টোবর জেলা সমবায় অফিসে আপিল করা যাবে। একই স্থানে ১৩, ১৪ ও ১৫ অক্টোবর আপিলের ওপর শুনানি এবং ফলাফল প্রকাশ করা হবে। পরদিন ১৬ অক্টোবর বিকেল ৩টায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ আগামী ১৭ অক্টোবর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত । ১৯ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্ধারিত প্রতীক বরাদ্দসহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২৪ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভোট গ্রহণ করা হবে।
সমিতির নির্বাচনে একজন সভাপতি, একজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন যুগ্ম-সম্পাদক ও একজন কোষাধ্যক্ষ এবং সাতজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১২ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হবে। এজন্য এবার ভোট দেবেন সমিতির ২৫৫ জন সদস্য।
এছাড়াও কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভায় আগামী ২৩ অক্টোবর শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৪৫ ঘ.
bdnews24