ফরিদপুর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর শহরের সেবামূলক প্রতিষ্ঠান মুসলিম মিশন ও এতিমখানার প্রধান কার্যালয়ে মঙ্গলবার রাতে ডাকাতি হয়েছে।
এ সময় তাদের ধারালো আস্ত্রের আঘাতে নৈশ প্রহরী দুলাল ব্যাপারী (৪০) এবং লাঠির আঘাতে পিয়ন মো. মাসুদ আহত হন।
দুলাল ব্যাপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাসুদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মুসলিম মিশন ও এতিমখানার সম্পাদক এমএ সামাদ জানান, রাত ২টার দিকে ডাকাতরা পাকা ভবনের পেছনের দিকের জানালার শিক কেটে কার্যালয়ে ঢোকে। প্রতিষ্ঠানের দুগ্ধ খামারের দুধ এবং মুরগি খামারের ডিম বিক্রির পাঁচ লাখেরও বেশি টাকা ডাকাতরা নিয়ে গেছে এবং কাগজপত্র তছনছ করেছে।
ঈদের ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় দুধ ও ডিম বিক্রির টাকা পৃথক দু'টি আলমারিতে রাখা ছিল বলে তিনি জানান।
ফুরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, "পুলিশ সুপারিনটেনডেন্ট আওলাদ আলী ফকিরসহ আমরা বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অনুসন্ধান চলছে।"
মিশনের সম্পাদক এমএ সামাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.
bdnews24