২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আ.লীগের দু'গ্র"পের সংঘর্ষে দুজন নিহত

খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। নিহতরা হলেন- রবিউল ইসলাম (৩০) ও ইসমাইল হোসেন (৫০)। এর মধ্যে রবিউল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 12:51 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

খুলনা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার তেরখাদা উপজেলার কাটেঙ্গা গ্রামে মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। নিহতরা হলেন- রবিউল ইসলাম (৩০) ও ইসমাইল হোসেন (৫০)। এর মধ্যে রবিউল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। মাথায় গুলিবিদ্ধ ইসমাইল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা যান। আহতদের মধ্যে গুলিবিদ্ধ জব্বার মোল্লা (৪০), আলী আকবর (৮) ও রীনা খাতুনকে (২০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিভিন্ন ধারালো অস্ত্রে আঘাতে আহত এনায়েত মোল্লা (২৮), রফিক মোল্লা (৩০), সফিউল্লাহ মোল্লা (২৪), আলী (২৯) ও মাহফুজ মোল্লাকে (২২) ভর্তি করা হয়েছে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। খুলনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মোহাম্মদ শামসুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাংসদ মোল্লা জালাল উদ্দীনের সমর্থকদের সঙ্গে তেরখাদা উপজেলা চেয়ারম্যান সরফুদ্দীন বিশ্বাস বাচ্চু সমর্থকদের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুর ২টায় সাংসদ সমর্থক মোস্তাফিজুর রহমান কালুর নেতৃত্বে সরফুদ্দীন বিশ্বাস বাচ্চুর সমর্থক লাবুর লোকজনের ওপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ১০/১২ রাউন্ড গোলাগুলি হয়েছে বলে জানান এসপি। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মোশাররফ হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ছয়জনকে আটক করা হয়েছে। এদের নাম জানা যায়নি। এ ব্যাপারে থানায় এখনও মামলা হয়নি বলে তিনি জানান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. অনিরুদ্ধ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসমাইল মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। রাত পৌনে ৯টার দিকে তিনি মারা গেছেন। উপজেলা চেয়ারম্যান সরফুদ্দীন বিশ্বাস দীর্ঘদিনের বিরোধের বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাংসদ সমর্থকরা আমার সমর্থকদের ওপর হামলা করেছে।" সাংসদ মোল্লা জালাল উদ্দীন বলেন, "ব্যক্তিগতভাবে আমার কোনো সমর্থক নেই। আওয়ামী লীগের সবাই আমার লোক। আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য সরফুদ্দীন বিশ্বাস এ ধরনের কথা বলছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১২২ ঘ.