২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত

বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জামাত শুরু হয়। বৃষ্টিতে ঈদগাহ ময়দান কাদা-পানিতে একাকার হলেও প্রায় দুই লাখ মুসল্লি এতে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2009, 09:46 AM

Updated : 26 Aug 2022, 12:05 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরাবরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জামাত শুরু হয়। বৃষ্টিতে ঈদগাহ ময়দান কাদা-পানিতে একাকার হলেও প্রায় দুই লাখ মুসল্লি এতে অংশ নেন। ঈদ জামাতে ইমামতি করেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। রোববার রাতে শুরু হওয়া অবিরাম বৃষ্টি উপেক্ষা করে সোমবার সকালে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ঈদগাহে সমবেত হতে থাকেন। নামাজ শুরুর আগে প্রায় সাত একরের ঈদগাহ মাঠ মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক মুসল্লির দৃষ্টি আকর্ষণের জন্য নামাজ শুরু হওয়ার ১৫ মিনিট আগে তিনটি, পাঁচ মিনিট আগে দুইটি এবং এক মিনিট আগে একটি করে বন্দুকের গুলি ছুঁড়ে ফাঁকা আওয়াজ করা হয়। ১৮২৮ সালে প্রথম কিশোরগঞ্জের এ মাঠে ঈদের জামাত হয়। সে হিসাবে এবার ছিল ১৮২-তম ঈদ জামাত। জামাত শুরুর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংক্ষিপ্ত বক্তৃতায় মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান। আইন-শৃঙ্খলা রক্ষায় ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় র‌্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েন ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/১৫৪১ ঘ.