ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একমাসের রোজার পর সোমবার দেশজুড়ে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
সকাল থেকেই দেশের বিভিন্নস্থানে নানা মাত্রার বৃষ্টি ঈদের আনন্দে বাধ সেধেছে খানিকটা। তবে বৃষ্টি মাথায় করেই অনেক মানুষ ছুটেছেন ঈদগাহ আর মসজিদে ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ নামাজ পড়তে। তার পর ধীরে ধীরে শুরু হয় পারিবারিক ও সামাজিক দেখা-সাক্ষাত পর্ব।
এদিকে বিকেলে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান। ভূমিকম্পে রাজধানীতে বিকেল ৩টা ৫৩ মিনিটের দিকে অনেক ভবন কেঁপে ওঠে। বহুতল ভবন থেকেও কম্পন টের পাওয়া যায়। এতে ঈদ উদযাপনে ব্যস্ত নগরবাসী হঠাৎ কিছুটা থমকে যায়। অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। নগরীর বিভিন্ন স্থান থেকে একাধিক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ভূমিকম্পের মাত্রা জানতে চান। চীন-ভুটান সীমান্তে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ ছিল বলে ঢাকায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীতে বৃষ্টির মধ্যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় হাইকোর্ট লাগোয়া জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৯ টায়। এতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, স্পিকার আবদুল হামিদ, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, মন্ত্রিসভার সদস্যবর্গ, সাংসদ, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সরকারি ও সামরিক বাহিনীর উর্ধবতন কর্মকর্তা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ সর্বস্তরের নাগরিকরা অংশ নেন।
বিশিষ্টদের স্থানে মোটা ত্রিপলের আবরণ বৃষ্টি থেকে সুরক্ষা দিলেও সাধারণ কাপড়ের আচ্ছাদনের নিচে থাকা সাধারণ মুসল্লীরা কিছুটা অসুবিধায় পড়েন। মাঠে পানি জমে গিয়ে সৃষ্টি হয় অস্বস্তিকর কাদার।
জাতীয় ঈদগাহর জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দীন। বৃষ্টির কারণে খুতবা কিছুটা সংক্ষিপ্ত করা হয়। দেশ ও জাতির কল্যাণের জন্য সৃষ্টিকর্তার অনুগ্রহ কামনা করা হয় নামাজের মোনাজাতে।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ছিল সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত ঈদের পাঁচটি জামাত। বৃষ্টির কারণে সেখানে নয়টার দ্বিতীয় জামাত কিছুটা বিলম্বিত হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুজনিত স্বাভাবিক এ বৃষ্টি মূলত কেন্দ্রীভূত ঢাকা ও তার উত্তরের কিছু এলাকায়। ভরসা দিয়ে আবহাওয়া অফিস বলেছে, রাজধানীতে দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।
রোববার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঈদের আমেজ। ঘরে ঘরে শুরু হয় ঈদের প্রস্তুতি। বিপণীবিতানগুলোতে শুরু হয় চাঁদ রাতের জমজমাট শেষ কেনাবেচা।
এবার তিন বছর পর ২৯ রোজা শেষে বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আগের তিনটি বছর ৩০ টি করে রোজা পালন হয়েছে।
এক মাস রোজা রেখে সংযমের পর মুসলমানরা ঈদ উদযাপন করেন আনন্দ-উৎসবের মাধ্যমে। গরীবদের জন্য 'ফিতরা' নামের সাহায্য দিতে হয় বলে আরবীতে এ ঈদের নাম 'ঈদুল ফিতর'।
ঈদের নামাজের পর বঙ্গভবনে সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি মো. জিল্লুুর রহমান, সকাল ১১টায় শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলা পৌনে ১২টায় ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কূটনীতিক, গণমান্য ব্যক্তিবর্গসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
দুপুরে প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
ঈদ উপলক্ষে রাজধানীকে মনোরম সাজে সাজানো হয়েছে। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিমকোর্ট, হাইকোর্টসহ রাজধানীর সরকারি ও বেসরকারি ভবনে ভোরে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। ঢাকার প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলোর দুই প্রান্ত জাতীয় পতাকা এবং বাংলা ও আরবীতে 'ঈদ মোবারক' লেখা ব্যানার দিয়ে সজ্জিত করা হয়।
ঈদের দিন হাসপাতাল, এতিমখানা ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কেন্দ্রীয় কারাগারসহ সব কারাগারগুলোতে আলাদা জামাতেরও ব্যবস্থা করা হয়।
ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক পৃথক বাণীতে দেশবাসীসহ মুসলিম উম্মাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এছাড়া জাতীয় পাটির চেয়ারম্যান এইচ এম এরশাদ, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিকল্পধারা'র সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমেদ, সাবেক সাংসদ আ স ম আবদুর রবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পৃথক পৃথক বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে তারা মুসলিম উম্মার প্রতি সংহতিও প্রকাশ করেন।
ঈদ উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক ও সাময়িকী এরই মধ্যে প্রকাশ করেছে বর্ণিল ঈদ সংখ্যা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল স
bdnews24