ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আর সেটা হলে সোমবার সারা দেশে পালিত হবে ঈদুল ফিতর।
বেশ কয়েক বছর পর বাংলাদেশের মানুষ ২৯ রোজার পর ঈদুল ফিতর উদযাপন করবে। গত কয়েকটি রমজানে ৩০ রোজা হয়েছিলো।
সোমবার ঈদ হলে ছেদ পড়বে দীর্ঘ ১১ দিনের ঈদ-পূজার অনানুষ্ঠানিক ছুটিতেও। ঈদের তিনদিনের ছুটি শেষে বুধবারই অফিস-আদালত খুলবে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আর্জুমান্দ হাবিব রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থায়ী ক্যালেন্ডার বিশ্লেষণ করে দেখা গেছে, দেশের আকাশ মেঘমুক্ত থাকলে রোববার চাঁদ দেখা যাবে।"
তিনি আরও বলেন, "দেশের আকাশে কোথাও কোথাও মেঘ থাকলেও তা সর্বত্র নেই। সে অনুসারে দেশের কোথাও না কোথাও চাঁদ দেখা যাবে।"
সহকারী আবহাওয়াবিদ রাশিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করছি, আকাশ পরিস্কার থাকলে রোববার চাঁদ দেখা যাবে।
"কারণ, রোববার সূর্যাস্ত বা গোধুলির পর চাঁদের স্থায়িত্ব হবে ২৬ মিনিটের মতো। এ ছাড়া দেশের আকাশে চাঁদের অ্যালটিচ্যুড (সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা) হচ্ছে ১০ ডিগ্রী ৩০ মিনিট।"
তিনি আরও বলেন, "সাধারণত, এটা ৭/৮ ডিগ্রী হলেই চাঁদ দেখা যায়। এজন্য আমরা মনে করছি, আকাশ মেঘমুক্ত থাকলে রোববারই চাঁদ দেখা যাবে।"
ওদিকে রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসছে।
ইসলামিক ফাউন্ডেশনে (বায়তুল মোকাররম) অনুষ্ঠেয় বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়া সভাপতিত্ব করবেন বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরের মাধ্যমে চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বরগুলো হচ্ছে : ৯৫৫৬৪০৭, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর হচ্ছে : ০২-৯৯৫৬৩৩৯৭।
ওদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার চাঁদপুর, পাবনা, শরিয়তপুর ও ভোলার কয়েকটি স্থানে ঈদ উদযাপিত হচ্ছে।
এদিকে ঈদুল ফিতর, দুর্গাপূজা আর আগে-পরের চারদিনের সাপ্তাহিক ছুটি মিলে দীর্ঘ ছুটি কাটানোর জন্য নাড়ির টানে বাড়ি ফিরছেন নগরবাসী।
বাড়িমুখো বেশিরভাগ মানুষ ইতিমধ্যে ঢাকা ছাড়লেও রোববারও রাজধানীর বিভিন্ন বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে ছিলো তীব্র ভিড়।
টিকিট না পেলেও প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়েই বাস ও ট্রেনের ছাদে বা লঞ্চের ডেকে বসে বাড়ির পথে রওনা হন।
ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর ঈদ হলে ছুটি আরেকদিন বাড়ানোর বিষয়ে ইতিমধ্যে নির্বাহী আদেশ দিয়েছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এসএইচ/০২১০
bdnews24