২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ

রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার পালিত হবে ঈদুল ফিতর। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 06:08 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার পালিত হবে ঈদুল ফিতর। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের তারিখ নির্ধারণ করা হবে। ইসলামিক ফাউন্ডেশনে (বায়তুল মোকাররম) অনুষ্ঠেয় বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়া সভাপতিত্ব করবেন বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরের মাধ্যমে চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হচ্ছে : ৯৫৫৬৪০৭, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর হচ্ছে : ০২-৯৯৫৬৩৩৯৭। এদিকে ঈদুল ফিতর, দুর্গাপূজা আর আগে-পরের চারদিনের সাপ্তাহিক ছুটি মিলে দীর্ঘ ছুটি কাটানোর জন্য নাড়ির টানে বাড়ি ফিরছেন নগরবাসী। বাড়িমুখো বেশিরভাগ মানুষ ইতিমধ্যে ঢাকা ছাড়লেও শনিবারও রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনে ছিলো তীব্র ভিড়। টিকিট না পেলেও প্রিয়জনের সঙ্গে ঈদ পালন করতে বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়েই বাস ও ট্রেনের ছাদে বা লঞ্চের ডেকে বসে বাড়ির পথে রওনা হন। ২০ সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি শুরু হলেও শুক্রবার ১৮ সেপ্টেম্বর ও শনিবার ১৯ সেপ্টেম্বর দুই দিনের সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজধানী জুড়েই এখন দীর্ঘ ছুটি আর ঈদের আমেজ। ২৮ সেপ্টেম্বর দুর্গাপূজার ছুটির আগে শুধু ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং ২৭ সেপ্টেম্বর রোববার দুইদিন অফিস খোলা। ঈদের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর। এছাড়া চাঁদ দেখা সাপেক্ষে ২২ সেপ্টেম্বর ঈদ হলে ছুটি আরেকদিন বাড়ানোর বিষয়ে ইতিমধ্যে নির্বাহী আদেশ দিয়েছে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/০০০১ঘ.