ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ কর্মী শায়লা শনিবার সকালে অফিসে যাওয়ার জন্যে শেওড়াপাড়ায় একঘন্টা দাঁড়িয়ে থেকেও কোন বাসে উঠতে পারেননি। অবশেষ ৪৫ টাকা রিক্সা ভাড়া দিয়ে তিনি কাওরান বাজারে অফিসে পৌঁছান।
হাজার হাজার মানুষ রাজধানী ছেড়ে গেলেও শনিবার এটাই ছিল রাজধানী অনেক এলাকার চিত্র। বিপণী বিতান, বাস ও রেল স্টেশন আর লঞ্চ টার্মিনালের সামনে ছিলো উপচে পড়া মানুষের ভিড়, দীর্ঘ লাইন।
যানবাহন কম থাকায় বিপণি বিতান অধ্যূষিত এলাকাগুলোতে ছিল অস্বাভাবিক যানজট। কোন কোন এলাকায় একঘন্টারও বেশি সময় ধরে যানবাহন আটকে থেকেছে।
এসব এলাকায় যেতে সিএনজি চালিত স্কুটার চালকরাও প্রবল আপত্তি জানায়।
তবে নগরীর আবাসিক এলাকাগুলোতে লোকজন ছিলো কম।
শনিবার ঢাকা ও আশেপাশের বেশিরভাগ গার্মেন্টস প্রতিষ্ঠানে কাজ শেষে ঈদের ছুটি ঘোষণা করা হয়। এ কারণে বিকেল থেকে একযোগে কয়েক হাজার বাড়িমুখো গার্মেন্টস শ্রমিক একযোগে রাস্তায় নেমে পড়েন। কিন্তু বাসসঙ্কটের কারণে তারা চরম ভোগান্তিতে পড়েন।
নিউফ্যাশন নিটওয়্যারের কর্মী আসমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাবতলীতে যাওয়ার কোন বাস নেই। ভাবলাম, কয়েকজন মিলে সিএনজি চালিত স্কুটারে করে যাবো। কাজীপাড়া থেকে গাবতলীর স্কুটার ভাড়া ৫০ টাকা। কিন্তু চাচ্ছে ২৫০ টাকা। এখন কি করি, তাই ভাবতেছি।"
অনেক গার্মেন্টসে শনিবার কর্মীদের বেতন-বোনাস দেওয়া হয়। ফলে বিকেলে কাজ শেষ করে বেরিয়ে তাদের অনেকেই পরিবারের সদস্যদের জন্যে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েন।
ফুটপাতের দোকানগুলোই ছিল তাদের মূল লক্ষ্য। শ্রমিকরা জানান, অনেক কারখানায় শনিবার সারারাত ধরেই কাজ চলবে। ফলে রোববার হয়তো তারা বাড়ির পথে রওনা হতে পারবেন।
মিরপুর ১২ নম্বর থেকে শুরু করে শেওড়াপাড়া, মিরপুর-১, কল্যাণপুর, উত্তরা, যাত্রাবাড়িসহ বিভিন্ন এলাকায় বাড়িমুখী এই পোশাকশ্রমিকরা যানবাহনের আশায় রাজপথে দাঁড়িয়েছিলেন।
বাস কাউন্টারে গিয়েও তাদের স্বস্তি মেলেনি। আগে থেকেই সকল গাড়ির টিকেটে বুক হয়ে থাকায় অনেকেই দীর্ঘক্ষণ কাউন্টারে বাসের আশায় বসেছিলেন।
কেবল গার্মেন্টস শ্রমিকরা নয়, এ রকম বাড়িমুখী অনেক মানুষই শনিবার
টার্মিনালে ভীড় জমান।
গাবতলীতে পরিবার-পরিজন নিয়ে দীর্ঘক্ষণ বসেছিলেন বেসরকারি চাকরিজীবি আনিসুর রহমান। তিনি বলেন, "গাড়ি ছিল দুপুর সাড়ে ১২টায়। কিন্তু ফেরিতে কি যেন ঝামেলা হয়েছে। আড়াইটা বাজে, এখনো গাড়ি আসেনি। এরা তো বলছে, একটু পরই নাকি গাড়ি আসবে।"
বাসের টিকেট না পেয়ে অনেকেই লোকাল গাড়িতে ভেঙ্গে ভেঙ্গে বাড়ির পথে রওনা হন। বিশেষ করে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুরের অনেকেই এভাবে বাড়ির পথে রওনা হয়েছেন।
প্রতিবছরের মতো এবারও নিষেধ না মেনে অতিরিক্ত যাত্রী নিয়েই বরিশালের বিভিন্ন রুটে লঞ্চগুলো যাত্রা করেছে। ভেতরে আসন না পেয়ে লঞ্চের ছাদে চেপে অসংখ্য যাত্রী রওনা হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২৩৪৮ ঘ.
bdnews24