বান্দরবান, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে শুক্রবার সন্ধ্যায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এর স্থানীয় এক নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল শুক্রবার সন্ধ্যায় উপজেলার দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি সড়কে তল্লাশি চৌকি বসায়। একটি সিএনজিচালিত ট্যাক্সিক্যাবে করে দোছড়ি থেকে কক্সবাজারের রামু যাওয়ার পথে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাইক্ষ্যংছড়ির দোছড়ি এলাকার মো. আফসার (৩৭), খুলনার শহিদুল ইসলাম (২৫) সাতক্ষীরার নুরুল আফছার (২৮) এবং ঢাকার আশুলিয়ার আবুল বাসার (২১)।
ওসি জানান, গ্রেপ্তারের পর চারজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে দোছড়ির আফসার স্বীকার করেছেন তিনি আরএসও'র স্থানীয় নেতা। তবে অন্য তিনজন দাবি করেছেন তারা আএসও'র সদস্য নন।
তিনি জানান, পুলিশের কাছে তথ্য রয়েছে তারা আরএসও'রই সদস্য। এসব সদস্য বিভিন্ন এলাকা থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এসে সংগঠিত হয়ে অস্ত্র কেনা-বেচাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে। আরএসও বান্দরবান, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় সদস্য সংগ্রহ করাসহ নানান ধরনের তৎপরতায় লিপ্ত বলেও ওসি জানান।
পুলিশ কর্মকর্তা ওবাইদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার বান্দরবানের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে ১০দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়। আদালত আবেদন শুনানির জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সন্ধ্যায় তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৩ ঘ.
bdnews24