ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার ঈদ হলে দেশের শীর্র্ষ দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া ঢাকায় ঈদ উদযাপন করবেন।
সোমবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। পরদিন সৌদি আরব সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানও।
দু'নেত্রীর ঢাকায় ঈদ উদযাপনের কারণে এবার রাজনীতিবিদদের বেশিরভাগই ঢাকায় ঈদ করবেন।
এদিকে ওমরাহ পালন শেষে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার সকালে ঢাকায় ফিরেছেন।
গতবারের মতো এবারও তিনি ঢাকায় পরিবারের সদস্যদের ছাড়া ঈদ করছেন। তার দুই ছেলের মধ্যে তারেক রহমান লন্ডনে ও আরাফাত রহমান কোকো ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন।
তারা উভয়ে পরিবার নিয়ে সেখানেই ঈদ উদযাপন করবেন।
সংশ্লিষ্ট রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্টজনরা এসব তথ্য জানিয়েছেন।
সাবেক দু' প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী ঢাকায় ঈদ করবেন।
স্পিকার আবদুল হামিদের ঈদের দিন ঢাকায় নামাজ পড়ে বিকেলে নিজ নির্বাচনী এলাকা কিশোরগঞ্জে যাওয়ার কথা রয়েছে।
তবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জে ঈদের নামাজ পড়ে বিকেলেই ফিরবেন ঢাকায় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে।
এ ছাড়া এবার ঢাকায় ঈদ করছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, দলের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া, দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ প্রমূখ।
তবে এবার নিজের নির্বাচনী এলাকায় ঈদ করছেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদে সরকারী দলের প্রধান হুইপ আব্দুস শহীদ, বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রমূখ।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিল লন্ডনে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ জার্মানীতে ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন। জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ অসুস্থ হয়ে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানেই তিনি ঈদ করবেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকায়, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু যুক্তরাজ্যের বার্মিংহামে, ইসলামী ঐক্যজোটের সভাপতি মুফতি ফজলুল হক আমিনী সৌদি আরবে ঈদ উদযাপন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/এসএইচ/২১০৫ ঘ.
bdnews24