২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলা ছিল কয়েকটি ব্যাংক, লেনদেনও হয়েছে

বাংলাদেশে ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাজধানীর বেশ কয়েকটি ব্যাংকের শাখা খোলা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2009, 08:57 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে ঈদের আগে সাপ্তাহিক ছুটির দিন শনিবার রাজধানীর বেশ কয়েকটি ব্যাংকের শাখা খোলা ছিল। মতিঝিল, মিরপুর, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, অর্থ লেনদেন করতে অনেকেই ব্যাংকের শাখাগুলোয় গেছেন। রাষ্ট্রায়াত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক লেনদেন শাখাও খোলা ছিল। শনিবার সব ব্যাংকেরই এ শাখা সাধারণত খোলা থাকে। ডাচ বাংলা ও ব্যাংক এশিয়া রাজধানীতে তাদের সব শাখা খোলা রেখেছে। এর বাইরে রাষ্ট্রায়ত্ত চার বাণিজ্যিক ব্যাংক ও অন্য ব্যাংকের কিছু কিছু শাখা খোলা ছিল। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও কারওয়ান বাজার শাখার প্রধান আরিফ মো. শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) অনেক গ্রাহকই ব্যাংকে এসেছেন।" ডাচ বাংলা ব্যাংকের প্রধান তথ্য কর্মকর্তা শাহজাদা বসুনিয়া বলেন, "আমরা ঢাকা ও ঢাকার বাইরের প্রধান শহরগুলোতে আমাদের এডি শাখার পাশাপাশি অন্য সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছিলাম।" ঈদের আগে শনিবার ব্যাংক খোলা রাখা যাবে বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরএ/এমআই/১৪৪৪ ঘ.