খুলনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অরবিন্দ মণ্ডলকে (৪৮) বৃহস্পতিবার রাতে পুলিশ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
অরবিন্দুর বাড়ি ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে।
অরবিন্দুর স্ত্রী অভিযোগ করেন, গভীর রাতে পুলিশ তাকে (অরবিন্দু) বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।
পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন।
রোববার বিকেলে পুলিশ অরবিন্দুর লাশ থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য সন্ধ্যায় পাঠানো হয় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে।
নিহতের স্ত্রী নীলিমা মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জামিনে থাকা সত্ত্বেও পুলিশ অরবিন্দকে ঘর থেকে বের করে নিয়ে পিটিয়ে হত্যা করেছে।"
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, "একটি মারামারি ও একটি চাঁদাবাজি মামলায় অরবিন্দকে ধরার জন্য রাত দেড়টার দিকে পুলিশ উপজেলার ডোবা গ্রামে যায়।
"অরবিন্দুর কাছে তার জামিনের কাগজপত্র দেখতে চায় পুলিশ। এক পর্যায়ে অরবিন্দু দৌড়ে পালাতে চেষ্টা করলে পড়ে গিয়ে মারা যায়। তার হৃদ রোগ ছিল।"
খুলনা ২৫০ শয্যা হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. হরিদাস বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অরবিন্দুর শরীরের কয়েকটি স্থানে ছড়ে যাওয়ার চিহ্ন আছে। এ দেখে বলা যাবে না তাকে পিটিয়ে মারা হয়েছে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.
bdnews24