২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ১০ দিন বন্ধ থাকবে

ঈদ ও দূর্গা পূজা উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 11:54 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদ ও দূর্গা পূজা উপলক্ষে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ১০দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির শেষে সোনা মসজিদ বন্দরের শুল্ক বিভাগের কার্যক্রম যথারীতি চলবে। অর্থাৎ সোমবার ঈদ হলে ছুটি থাকবে মঙ্গলবার পর্যন্ত। আর মঙ্গলবার ঈদ হলে বুধবার পর্যন্ত সরকারি ছুটি থাকবে। বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথভাবে ঈদ ও পুজার ছুটি বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিন এবং শনিবার থেকে মঙ্গলবার চারদিন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সোনামসজিদ এবং ওপারের মোহদীপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার সরকারি ছুটি থাকায় ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। রুহুল আমিন জানান, বৃহস্পতিবার সোনামসজিদ বন্দরের দু'টি ব্যবসায়ী সংগঠন ভারতের মোহদীপুর বন্দরের ব্যবসায়ী নেতাদের চিঠি দিয়ে ঈদ উপলক্ষে পাঁচদিন ছুটির বিষয়টি জানায়। অপরদিকে ভারতের ব্যবসায়ীরাও একইদিন চিঠি দিয়ে দূর্গা পূজা উপলক্ষে চারদিন বন্ধ থাকার বিষয়টি জানান। সোনামসজিদ স্থলবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার মাহবুবুল আলম জানান, ঈদুল ফিতর ও দুর্গা পূজার জন্য দুই দেশের আমদানি-রপ্তানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ১০ দিন কার্যক্রম বন্ধ রাখলেও সরকারিভাবে শর্ত সাপেক্ষে ঈদের ছুটি আগামী বুধবার পর্যন্ত। সোনামসজিদ স্থলবন্দরের শুল্ক বিভাগের কার্যক্রম বৃহস্পতিবার থেকে যথারীতি চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪৪ ঘ.