২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে কথিত বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

রাজধানীর মীরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরেক সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে নিহত মোহাম্মদ আলী (৩০) সন্ত্রাসী শহর আলীর সহযোগী বলে র‌্যাব দাবি করেছে। শহর আলী গত ১২ সেপ্টেম্বর কয়েকদিন আগে একই ধরনের 'বন্দুকযুদ্ধে' মারা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2009, 06:47 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মীরপুর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আরেক সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার ভোররাতে নিহত মোহাম্মদ আলী (৩০) সন্ত্রাসী শহর আলীর সহযোগী বলে র‌্যাব দাবি করেছে। শহর আলী গত ১২ সেপ্টেম্বর কয়েকদিন আগে একই ধরনের 'বন্দুকযুদ্ধে' মারা যায়। র‌্যাব জানিয়েছে, রাত পৌনে ৩টায় মীরপুর আউটার স্টেডিয়াম মাঠে 'বন্দুকযুদ্ধে' মোহাম্মদ আলী মারা যায়। র‌্যাবের জনসংযোগ শাখার (লিগ্যাল ও মিডিয়া উইং) পরিচালক কমান্ডার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহর আলীর মৃত্যুর পর তার সহযোগীদের ধরতে অভিযান চলছিল। তিনি বলেন, " মীরপুর আউটার স্টেডিয়াম মাঠে শহর আলীর সহযোগীদের বৈঠকের খবর পেয়ে ভোররাতে র‌্যাব-৪ এর একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।" দুই পক্ষের 'বন্দুকযুদ্ধ'র এক পর্যায়ে মোহম্মদ আলী গুলিবিদ্ধ হলে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে র‌্যাব কর্মকর্তা আবুল কালাম জানান। তিনি বলেন, মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা পাওয়া গেছে বলে র‌্যাব জানায়। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য। র‌্যাবের এক পরিসংখ্যানে জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ বিশেষ ওই বাহিনী গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন 'ক্রসফায়ারে' মারা গেছে। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গত শনিবার বলেন, "ক্রসফায়ার বলে কিছু নেই। এ বিষয়ে যা বলা হয় তা ঠিক নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার সময় এ সব মৃত্যুর ঘটনা ঘটে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কিউএইচ/এমআই/১২৩৭ ঘ.