২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীরপুরে সন্ত্রাসীদের গুলিতে ইতালি প্রবাসী নারী আহত

রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ইতালি প্রবাসী এক নারী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুরাইয়া জালাল সুমী (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 07:35 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ইতালি প্রবাসী এক নারী গুরুতর আহত হয়েছেন। গুলিবিদ্ধ সুরাইয়া জালাল সুমী (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েক সপ্তাহ আগে তিনি দেশে বেড়াতে আসেন। তার বাবা জালালউদ্দীন 'সপ্তসিন্ধু ডেভেলপার' নামে একটি প্রতিষ্ঠানের মালিক। জালালউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত নয়টার দিকে অজ্ঞাত পরিচয় তিন সন্ত্রাসী বাসার নীচতলার কলিংবেল চাপলে সুরাইয়া দরজা খুলে দেন। সন্ত্রাসীরা সুরাইয়ার হাতে একটি চিরকুট ধরিয়ে দেয়। এতে জনৈক বল্টু রাসেল ও তার একটি ফোন নম্বর লেখা ছিলো। সুরাইয়া চিরকুটটি নিয়ে ঘরের মধ্যে ফিরে আসার সময় সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এতে সুরাইয়ার কোমরে একটি গুলি লাগে। জালালউদ্দীন জানান, এক সপ্তাহ আগে নিজেকে বল্টু রাসেল পরিচয় দিয়ে এক ব্যক্তি তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা না দেওয়ায় ওই সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে তার ধারণা। মিরপুর থানার সহকারী উপ-পরিদর্শক শহীদুল ইসলাম রাত ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তবে খবর নিয়ে দেখা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/০১৩০ঘ.