ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌর শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এবং খনি থেকে কয়লা উত্তোলনে জার্মান সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জার্মানির নতুন রাষ্ট্রদূত হেলগার মিখায়েল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ সহযোগিতা চান।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশে আসার পর এটাই প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য প্রসার, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান।
"জার্মান রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ ও তার দেশের মধ্যে একটি মিল রয়েছে; দুটি দেশই যুদ্ধে বিপর্যস্ত হয়েছে এবং পরবর্তীতে তা থেকে ঘুরে দাঁড়িয়েছে", বলেন আবুল কালাম।
প্রধানমন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গত নির্বাচনে দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীসহ জার্মানির সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন এবং স্বচ্ছতা নিশ্চিত করে জনগণের কল্যাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
প্রেসসচিব বলেন, "প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের জন্য গণতন্ত্র অপরিহার্য। বিভিন্ন সময় বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ছিলো না বলেই উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিলো।"
মিখায়েল প্রধানমন্ত্রীর নেতৃত্ব এবং ক্ষমতা গ্রহণের পর থেকে বিভিন্ন সঙ্কট মোকাবেলায় শেখ হাসিনার প্রশংসা করেন।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাফিক পুলিশের সার্জেন্ট আব্দুল বাছেদের স্ত্রীকে পাঁচ লাখ টাকার এবং বিডিআর বিদ্রোহের সময় গুলিবিদ্ধ চা বিক্রেতা আখতার হোসেনের বাবা মোহাম্মদ এছহাককে এক লাখ টাকার চেক তুলে দেন।
এদিকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বৃহস্পতিবার ১০ লাখ টাকার একটি চেক দেন মিল্কভিটার চেয়ারম্যান অহিদউল্লাহ মোল্লা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24